সন্দেশখালিঃ ভরদুপুরে আচমকাই সন্দেশখালির একটি হোটেল ঘিরে ফেললেন এনএসজি জওয়ানরা। হোটেলের ভিতরে ঢুকে শুরু হল অভিযান। স্থানীয়দের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তবে কি আবারও কোনও জঙ্গি হামলা হয়েছে? পরে জানা যায়, সন্দেশখালিতে এদিন বিশেষ মকড্রিল চালায় ন্যাশনাল সিকিউরিটি গার্ড।
ধামাখালির একটি হোটেলে কয়েক জন পর্যটককে জঙ্গিরা অপহরণ করে আটকে রেখেছে, এমনভাবে মকড্রিলের পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেই খবর পেতেই এনএসজিকে জানানো হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হোটেলটি ঘিরে ফেলেন এনএসজি জওয়ানরা। এরপর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করেন এনএসজি সদস্যরা। মকড্রিলের অংশ হিসেবে জঙ্গিদের পরাস্ত করার পাশাপাশি আটকে থাকা পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়। পুরো অভিযানটি ছিল সন্ত্রাসবাদী হামলার পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি যাচাইয়ের একটি মহড়া।
হঠাৎ বিপুল সংখ্যক এনএসজি জওয়ানকে হোটেল ঘিরে অভিযান চালাতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সন্দেশখালি থানার পুলিশও। এলাকায় ভিড় জমে যায়। পরে বিষয়টি মকড্রিল বলে জানা গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শেখ শাহজাহানকে ঘিরে একসময় রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছিল সন্দেশখালি। সেই এলাকাতেই এবার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মহড়া ঘিরে নতুন করে নজর পড়ল। যদিও এ দিনের অভিযানের সঙ্গে কোনও বাস্তব জঙ্গি হামলার যোগ নেই।
বিষয় : Sandeshkhali NSG

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন