বিশাখাপত্তনম: হোমওয়ার্ক না করার অপরাধে শিক্ষিকার কড়া বকুনি, তার পরেই গালে সপাটে চড়—আর তার কয়েক মুহূর্তের মধ্যেই শিক্ষিকার কোলেই চিরতরে ঢলে পড়ল ছ’বছরের একরত্তি শিশু। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি বেসরকারি স্কুলের এলকেজি পড়ুয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে স্তম্ভিত গোটা দেশ। ক্লাসরুমের অন্দরে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও চাঞ্চল্য।
মৃত শিশুর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার হোমওয়ার্ক সম্পূর্ণ না থাকায় ক্লাসরুমে শিশুটিকে প্রচণ্ড মারধর করেন অভিযুক্ত শিক্ষিকা। ভয়ে ও আতঙ্কে কাঁদতে কাঁদতে শিশুটির মারাত্মক কাশি শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল বলে পরিবারের দাবি। স্কুলের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই ভয়াবহ মুহূর্ত। ফুটেজে দেখা গিয়েছে, শিক্ষিকা শিশুটিকে বকাবকি করছেন এবং শিশুটি কেঁদে কেঁদে কিছু অনুরোধ করার চেষ্টা করছে। এরপরই হঠাৎ করে শিশুটিকে চড় মারেন শিক্ষিকা। চড় খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সে শিক্ষিকার কোলে ঢলে পড়ে। বারবার তোলার চেষ্টা করলেও শিশুটির আর কোনও সাড়া মেলেনি।
পরিবারের আরও অভিযোগ, এত বড় ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষের তরফে তাঁদের কিছু জানানো হয়নি। পরিচারিকার মারফত খবর পেয়ে তাঁরা সন্তানের মৃত্যুর কথা জানতে পারেন। এদিকে এই মর্মান্তিক ঘটনায় অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নারা লোকেশ গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক এবং দোষী শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। বর্তমানে পুলিশ বিএনএসএস-এর ১৯৪ ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন