সমুদ্রের ঢেউ, পাহাড়ের হাতছানি আর রাতভর পার্টির আমেজ সবমিলিয়ে গোয়া মানেই যেন ছুটির নিখুঁত ঠিকানা। বর্ষার মরসুমেও সেই টান কমেনি। বরং এই সময় গোয়ায় পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। আর তাঁদের পছন্দ হয়ে উঠেছে বেড়ানোর এক নতুন ধারা ‘মাইক্রোকেশন’।
আগে বেড়াতে যাওয়ার অর্থ ছিল দীর্ঘ ছুটির পরিকল্পনা। কিন্তু বর্তমান ব্যস্ত জীবনে সেই সময় বের করা কঠিন। সর্বোচ্চ চার রাতের জন্য বাড়ির কাছাকাছি কোনও জায়গায় ঘুরে আসা, কিংবা একই শহরের অন্য প্রান্তে গিয়ে কয়েকটা দিন কাটানো এটাই মূলত ‘মাইক্রোকেশন’। এর জনপ্রিয়তার অন্যতম কারণ সময়। ৩-৪ দিনের ছোট্ট বিরতি মানসিকভাবে অনেকটাই স্বস্তি দিতে পারে। আপনিও যদি ‘মাইক্রোকেশন’-এর পরিকল্পনা করেন, তাহলে প্রথমেই ছুটির দিনগুলো একটু বুদ্ধি করে মিলিয়ে নিন। সপ্তাহান্তের সঙ্গে কোনও সরকারি ছুটি জুড়ে গেলে একটি অতিরিক্ত ছুটি নিয়েই টানা ৩-৪ দিনের ট্রিপ সম্ভব। সময় বাঁচাতে চাইলে আগের দিন সন্ধ্যা বা রাতে রওনা দিয়েও পরের দিনের পুরোটা উপভোগ করতে পারেন।
তবে ছোট ট্রিপে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গন্তব্য বাছাই। যাতায়াতেই যদি অনেকটা সময় কেটে যায়, তাহলে ছুটির আসল উদ্দেশ্যটাই নষ্ট হবে। আর ৩-৪ দিনের মধ্যে কোনও জায়গার সবকিছু ঘুরে দেখার চেষ্টা করবেন না। বরং পছন্দের কয়েকটি জায়গা বেছে নিয়ে ধীরে-সুস্থে সময় কাটান। থাকার জায়গাটিও আগে থেকে বুক করে রাখুন। তাই দীর্ঘ ছুটির অপেক্ষা না করে কয়েক দিনের অবসরেই যদি মনটা একটু ফ্রেশ করে নিতে চান, ‘মাইক্রোকেশন’ হতে পারে আপনার জন্য নতুন ছুটির ফর্মুলা।
বিষয় : Goa Microcation

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন