দিনহাটা: প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় বুধবারই কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে কোচবিহার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আর বৃহস্পতিবার তাঁকে দিনহাটা থানায় নিয়ে আসতেই সেখানে তৈরি হলো এক নজিরবিহীন ও লজ্জাজনক পরিস্থিতি!
লকআপ থেকে বার করার সময় পচা ডিম আর জুতোর হাত থেকে বাঁচাতে পুলিশের তরফে আগেভাগেই প্রাক্তন মন্ত্রীর মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। থানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার মুহূর্তেই দাপুটে এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে পচা ডিম! উত্তাল জনতার একাংশ জুতো ছুড়েও মারেন তাঁকে। এই বেনজির ‘ডিমবৃষ্টি’ ও গণবিক্ষোভের জেরে দিনহাটা থানা চত্বর মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয়, যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।
২১ জুনের প্রস্তুতি তুঙ্গে, বহরমপুরে যোগাসন করলেন পুলিশকর্মীরা
বৃহস্পতিবার সকালে সড়কপথে উদয়ন গুহকে দিনহাটা থানায় নিয়ে আসার খবর চাউর হতেই থানার বাইরে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেন। বিক্ষুব্ধ জনতার কারও হাতে ছিল পচা ডিম, আবার কারও হাতে জুতো। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশের তরফেও থানার মেইন গেট বন্ধ করে একেবারে দরজার মুখে প্রিজন ভ্যান এনে দাঁড় করানো হয়। এর পরেই মাথায় হেলমেট পরিয়ে কড়া পাহারায় প্রাক্তন মন্ত্রীকে গাড়িতে তুলতে গেলে ফেটে পড়ে জনরোষ। প্রিজন ভ্যানটিকে লক্ষ্য করে চারদিক থেকে অবিরাম ডিম ও জুতো ছোড়া হতে থাকে, এমনকী গাড়িটি আটকে দেওয়ার চেষ্টাও করেন বিক্ষোভকারীরা। শেষমেশ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বিশাল কেন্দ্রীয় বাহিনী তলব করা হয়। কেন্দ্রীয় জওয়ানদের তৈরি করা দুর্ভেদ্য নিরাপত্তা বলয়ের মাধ্যমে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে দিনহাটা আদালতে নিয়ে যাওয়া হয় ধৃত প্রাক্তন মন্ত্রীকে।
উল্লেখ্য, তৃণমূলের হেভিওয়েট নেতাদের ওপর এই ‘ডিম থেরাপি’র সূত্রপাত হয়েছিল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রথম ডিম হামলার মুখে পড়েন তিনি, যার জেরে পরিস্থিতি এতটাই জটিল হয় যে সাংসদকে হাসপাতালে পর্যন্ত ছুটতে হয়েছিল।
তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের বিধায়ক, পুরপ্রধান কিংবা কাউন্সিলরদের হাতের নাগালে পেলেই ডিম ছুড়ে ক্ষোভ উগরে দিচ্ছে সাধারণ মানুষ। এমনকী কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে খোদ কুণাল ঘোষকেও ডিম হামলার শিকার হতে হয়েছিল, যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত দায়ের হয়েছে। এবার সেই একই রাজনৈতিক ট্র্যাডিশনের পুনরাবৃত্তি ঘটল দিনহাটায় উদয়ন গুহর ওপর, যা নিয়ে তোলপাড় উত্তরবঙ্গের রাজনীতি।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন