তৃণমূল কংগ্রেসের অন্দরের রাজনৈতিক টানাপোড়েন এবার পৌঁছে গেল দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়ে দলের সমস্ত আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস।
ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে অরূপের দাবি, দলের ভিতরে বর্তমানে অনিশ্চয়তা ও বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে একাধিক সাংসদের দলত্যাগ, অন্যদিকে বিধায়কদের একাংশের প্রকাশ্য বিদ্রোহ - সব মিলিয়ে দলের প্রকৃত কর্তৃত্ব কার হাতে রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর জেরেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা নিয়েও তৈরি হয়েছে জটিলতা।
শুধু তাই নয়, দলের অফিসে আগে থেকে সই করে রাখা কিছু ব্যাঙ্ক চেকের সম্ভাব্য অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস। তাঁর আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে কোনও অনভিপ্রেত আর্থিক লেনদেন হলে তা দলকে আরও বড় সঙ্কটে ফেলতে পারে। এই কারণেই দলের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পদক্ষেপ তৃণমূলের সাংগঠনিক সঙ্কটকে আরও স্পষ্ট করে তুলল। এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, অরূপ বিশ্বাস কি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়েই এই চিঠি দিয়েছেন, নাকি এটি তাঁর ব্যক্তিগত উদ্যোগ? যদিও এ বিষয়ে এখনও দলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, রাজনৈতিক সঙ্কটের পাশাপাশি মেসি-কাণ্ড নিয়েও বিতর্কে জড়িয়েছেন অরূপ বিশ্বাস। অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত দাবি করেছেন, মেসির টিম প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে ই-মেল পাঠিয়েছে। সেই মামলায় অরূপের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছেন তিনি। ফলে রাজনৈতিক ও আইনি - দুই ক্ষেত্রেই চাপ বাড়ছে তৃণমূলের এই শীর্ষ নেতার উপর।
বিষয় : TMC BengalPolitics Aroop Biswas

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন