দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গ ও সিকিমে থাকা পর্যটকদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করল পর্যটন দফতর। পাহাড়ে টানা বৃষ্টি, ভূমিধস এবং যোগাযোগ ব্যবস্থার অবনতির জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে পর্যটকেরা 1800-2121-655 (টোল-ফ্রি) এবং 0353-2513986 নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।
টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা। ভারী বর্ষণের জেরে দার্জিলিং ও কালিম্পং জেলার একাধিক জায়গায় ভূমিধসের খবর মিলেছে। জাতীয় সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় শিলিগুড়ি-দার্জিলিং এবং শিলিগুড়ি-মিরিক রুটে যান চলাচল ব্যাহত হয়েছে।
শেষ খবর অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত পাহাড় ও সংলগ্ন সমতল এলাকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিতে দ্রুত জলস্তর বেড়েছে বালাসন নদীর। জলের তোড়ে কার্শিয়াংয়ের দুধিয়া সেতু ভেসে গিয়েছে বলে খবর। পাশাপাশি খারসাং থেকে শিলিগুড়িগামী তিন লেনের রাস্তার একটি বড় অংশ ধসে পড়েছে, ফলে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পর্যটকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গ ও সিকিমে পর্যটকদের সহায়তার জন্য কন্ট্রোল রুমও খোলা হয়েছে। খুব প্রয়োজন না হলে পাহাড়ি এলাকায় সড়কপথে যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টাতেও বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলারও আবেদন জানানো হয়েছে পর্যটকদের কাছে। প্রশাসনের নজর এখন ধসপ্রবণ এলাকা এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির উপর। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই উদ্ধার ও মেরামতির কাজ শুরু হয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন