তারাতলায় ভয়াবহ গোডাউন ধসের ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধানে এবার মাঠে নামল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের দল। কলকাতা পুলিশের অনুরোধে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম, যার নেতৃত্বে ছিলেন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস।
দলে রয়েছেন আর্কিটেকচার বিভাগের মৈনাক ঘোষ, মেটালার্জি ও মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মহম্মদ বশিরউদ্দিন শেখ, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দীপঙ্কর চক্রবর্তী ও সম্রাট সেনগুপ্ত। তাঁরা ঘটনাস্থল ঘুরে প্রাথমিক পর্যবেক্ষণ করলেও জানান, উদ্ধারকাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তদন্ত শুরু করা সম্ভব নয়। বিশেষজ্ঞ দলের প্রধান পার্থপ্রতিম বিশ্বাস জানান, তদন্ত হবে দুই ধাপে। প্রথম ধাপে ধ্বংসস্তূপ ও নির্মাণ কাঠামো খতিয়ে দেখা হবে। দ্বিতীয় ধাপে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে, যার মধ্যে থাকবে নির্মাণ সামগ্রী, লোহা, কংক্রিট ও মাটির বিশ্লেষণ। সেই রিপোর্টের ভিত্তিতেই ধসের প্রকৃত কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত বুধবার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদাম ও হিমঘর ধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই উঠে এসেছে নকশা ও নির্মাণে একাধিক ত্রুটির অভিযোগ। শনিবার দুপুরে পুলিশ জানায়, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং ধ্বংসস্তূপে আর কেউ আটকে নেই। এবার ধসের প্রকৃত কারণ জানতে শুরু হচ্ছে বৈজ্ঞানিক তদন্তের পর্ব।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন