কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন পালন করতে সোমবারই ঝটিকা সফরে কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কলকাতায় পা রেখেই এক পরম রাজনৈতিক চমক দিলেন তিনি। সোমবার বিকেলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী আচমকা পৌঁছে যান টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ তথা সদ্য ‘পদ্মশ্রী’ সম্মানপ্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যােয়ের বালিগঞ্জের বাসভবনে।
শাহর এই হাই-প্রোফাইল সফরে তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাজ্য রাজনীতির এই দুই হেভিওয়েটের রুদ্ধদ্বার বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সরাসরি গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন ‘বুম্বাদা’— এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অমিত শাহের
অবশ্য প্রসেনজিতের বাড়ির দরজায় গেরুয়া শিবিরের কড়া নাড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও লোকসভা ভোটের আবহে সুকান্ত মজুমদার কিংবা শমীক ভট্টাচার্যের মতো প্রথম সারির বিজেপি নেতারা প্রসেনজিতের বাড়ি গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করে এসেছেন। চলতি বছরে অভিনেতার ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার পর থেকে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ ও ঘনিষ্ঠতা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অতীতে একাধিকবার তাঁর ভোটে দাঁড়ানো বা সক্রিয় রাজনীতিতে আসা নিয়ে ফিসফাস শুরু হলেও, প্রতিবারই অভিনেতা এবং বিজেপি— দু’পক্ষেরই দাবি ছিল এটি নিতান্তই ‘সৌজন্য সাক্ষাৎ’। কিন্তু খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন তাঁর লিভিং রুমে এসে আড্ডা দেন, তখন তাকে আর পাঁচটা সাধারণ সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকেরা।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঠিক যে দিন অমিত শাহ প্রসেনজিতের ড্রয়িং রুমে বৈঠক করছেন, কাকতালীয়ভাবে সেই সোমবারই এ রাজ্য থেকে রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক পদত্যাগ করায় এই আসনগুলি খালি হয়েছে। এই তপ্ত রাজনৈতিক আবহে এবং রাজ্যসভা ভোটের ঠিক মুখে দাঁড়িয়ে প্রসেনজিতের বাড়িতে শাহ-শুভেন্দুদের এই ‘ঝটিকা’ আগমন টলিউড থেকে শুরু করে মুরলিধর সেন লেন— সর্বত্রই জল্পনার পারদকে এক ধাক্কায় আকাশে তুলে দিয়েছে। এখন দেখার, এই হাই-ভোল্টেজ বৈঠকের পর টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ কোনো নতুন রাজনৈতিক চিত্রনাট্যে সই করেন কিনা।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন