বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সারপ্রাইজ পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ। দায়িত্বে গাফিলতির অভিযোগে হাসপাতালের ১২ জন কর্মীকে শোকজ করেছে কর্তৃপক্ষ।
এনকাউন্টারে খতম প্রভাসের ময়নাতদন্তে এবার ডিজিটাল এক্স-রে!
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আচমকাই বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে গিয়ে হাসপাতালের একাধিক পরিষেবা ও পরিকাঠামো দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সূত্রের খবর, পরিদর্শনের সময় ওয়ার্ডের ভিতরে বিড়ালের অবাধ যাতায়াত, ওষুধ রাখার ঘরে ধুলোর স্তর, ভাঙাচোরা ছাদ, অপরিষ্কার ড্রেন এবং নোংরা শৌচাগারের ছবি সামনে আসে। এমনকী হাসপাতালের ছাদে উঠতে গিয়েও সমস্যায় পড়েন মন্ত্রী। দীর্ঘক্ষণ চাবি না পাওয়ায় প্রায় ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হয় তাঁকে।
এরপরই হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। সেই তদন্তে একাধিক ত্রুটি ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে আসে। তার ভিত্তিতেই ১২ জন কর্মীকে শোকজ নোটিস দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শোকজ হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন চারজন ওয়ার্ড মাস্টার, চারজন নন-মেডিক্যাল সুপারভাইজ়ার, একজন ইনফেকশন কন্ট্রোল ইনচার্জ সিস্টার, দু’জন সিস্টার-ইনচার্জ এবং প্রসূতি বিভাগের একজন ফ্যাসিলিটি কোয়ালিটি ম্যানেজার।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন না করাতেই তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যার একটি তালিকাও তৈরি করা হয়েছে, যা দ্রুত স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। শুক্রবার সাংবাদিক বৈঠকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, “স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ মেনেই তদন্ত করা হয়েছে। যে সব গাফিলতির অভিযোগ উঠে এসেছে, তার ভিত্তিতেই সংশ্লিষ্ট কর্মীদের শোকজ় করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোগত সমস্যাগুলিও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন