সাপের ছোবল খেয়েই পাল্টা সাপকে কামড়! তারপর সেই সাপ হাতে নিয়েই প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটে হাসপাতালে পৌঁছলেন এক যুবক। মালদহের মোথাবাড়ির এই অদ্ভুত ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে, মোথাবাড়ির মানুটোলা এলাকার বাসিন্দা ফারুক মোমিন বাড়ির কাছেই কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি বড় সাপ তাঁকে ছোবল মারে। ছোবল মারার পর আতঙ্কিত না হয়ে উল্টে সাপটিকে হাতে ধরে ফেলেন তিনি। অভিযোগ, এরপর রাগের মাথায় সাপটিকেই কামড়ে দেন ওই যুবক। সাপের ছোবলে যন্ত্রণায় কাতরালেও হাত থেকে সাপটিকে ছাড়েননি ফারুক। বরং সাপটিকে হাতে নিয়েই চিকিৎসার জন্য বেরিয়ে পড়েন। স্থানীয়দের দাবি, হাতে জীবন্ত সাপ দেখে কোনও টোটো, অটো বা রিক্সাচালক তাঁকে গাড়িতে তুলতে চাননি। বাধ্য হয়ে প্রায় চার কিলোমিটার পথ হেঁটেই বাঙ্গিটোলা হাসপাতালে পৌঁছন তিনি।
হাসপাতালে পৌঁছনোর পর ফারুকের প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, যে সাপটি ফারুককে ছোবল মেরেছে সেটি সম্ভবত দাঁড়াশ সাপ, যা সাধারণত বিষহীন বলেই পরিচিত। তবে সাপের প্রজাতি নিশ্চিত করতে বনদপ্তরের সাহায্য নেওয়া হতে পারে। এদিকে, হাতে সাপ নিয়ে দীর্ঘ পথ হাঁটার ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এমন দৃশ্য আগে কখনও দেখেননি তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে মালদহের এই যুবকের ‘সাপ-কাণ্ড’।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন