নয়াদিল্লি: ভারত থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা শুল্ক প্রত্যাহার করে সংশোধিত ১৮ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকর করার ঘোষণা করল মার্কিন প্রশাসন। White House সূত্রে জানানো হয়েছে, আজ শনিবার সকাল সাড়ে ১০টা (ভারতীয় সময়) থেকেই নতুন এই শুল্কহার কার্যকর হবে।
হোয়াইট হাউসের জারি করা নির্দেশ অনুযায়ী, শনিবার থেকে ভারতের পণ্য রফতানির ক্ষেত্রে আর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে না। ফলে মোট শুল্ক নেমে দাঁড়াচ্ছে ১৮ শতাংশে। উল্লেখযোগ্য ভাবে, রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, সেটিও প্রত্যাহার করা হয়েছে।
মার্কিন প্রশাসন আরও স্পষ্ট করেছে, যে সব চালান ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছে বা ট্রানজিটে রয়েছে এবং যেখানে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আদায় করা হয়েছে, সেখানেও ছাড় প্রযোজ্য হবে। প্রয়োজন হলে মার্কিন কাস্টমস বিভাগ সেই অতিরিক্ত অর্থ ফেরত দেবে বলেও জানানো হয়েছে।
এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার বড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরই ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, ভারত ও আমেরিকা একটি বাণিজ্য চুক্তির বিষয়ে নীতিগত ভাবে সহমত হয়েছে।
এদিকে, শনিবার সকালে ভারত–আমেরিকার মধ্যে হতে চলা একটি ‘অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি’ নিয়ে যৌথ বিবৃতিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। ওয়াশিংটনের দাবি, দুই দেশই পারস্পরিকভাবে লাভজনক একটি বাণিজ্য চুক্তির কাঠামো ইতিমধ্যেই প্রস্তুত করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল-ও একই তথ্য জানিয়ে যৌথ বিবৃতি শেয়ার করেছেন।
বিশেষজ্ঞদের মতে, এই শুল্কছাড় ভারতের রফতানি খাতে স্বস্তি দেবে এবং ভারত–আমেরিকা বাণিজ্য সম্পর্কে নতুন গতি আনতে পারে।
বিষয় : India USIndiaDeal usa Narendra Modi Trump

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন