নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এবার আরও কঠোর পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার রাজ্য পুলিশের ডিজি এবং মঙ্গলবার ১২ জন পুলিশ সুপারকে বদলির পর, বুধবার রাতে এক ধাক্কায় রাজ্যের ৫টি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজি (DIG)-কে পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হলো। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জে আনা হয়েছে নতুন মুখ।
একনজরে কারা পেলেন নতুন দায়িত্ব?
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নতুন আধিকারিকদের কাজে যোগ দিতে বলা হয়েছে:
রায়গঞ্জ রেঞ্জ: সন্তোষ নিম্বালকারের জায়গায় নতুন ডিআইজি হলেন ২০০৯ ব্যাচের আইপিএস রাঠৌর অমিতকুমার ভরত।
মুর্শিদাবাদ রেঞ্জ: সুধীর কুমার নীলাকান্তমকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ২০১১ ব্যাচের আইপিএস অজিত সিংহ যাদব-কে।
জলপাইগুড়ি রেঞ্জ: নতুন ডিআইজি করা হয়েছে ২০০৯ ব্যাচের আইপিএস অঞ্জলি সিংহ-কে।
বর্ধমান রেঞ্জ: শ্যাম সিংহের জায়গায় নতুন দায়িত্ব পেলেন ২০১১ ব্যাচের আইপিএস শ্রীহরি পাণ্ডে।
প্রেসিডেন্সি রেঞ্জ: (দক্ষিণ ২৪ পরগনা ও সংলগ্ন এলাকা) এই গুরুত্বপূর্ণ রেঞ্জের দায়িত্ব নিলেন ২০০৭ ব্যাচের আইপিএস কঙ্করপ্রসাদ বারুই।
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে আধিকারিকদের পদ থেকে সরানো হলো, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের ভোট সংক্রান্ত কোনও দায়িত্ব দেওয়া যাবে না। মূলত নিরপেক্ষতা বজায় রাখতেই এই মেগা রদবদল।
গত ৪৮ ঘণ্টায় রাজ্য পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে দিয়েছে কমিশন। সোমবার ডিজি পীযূষ পাণ্ডে ও কলকাতার পুলিশ কমিশনারকে সরানোর পর, মঙ্গলবার ১২ জন এসপি এবং বুধবার ৫ জন ডিআইজি-র অপসারণ— সব মিলিয়ে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে পুলিশ মহলে। উল্লেখ্য, কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় এবং চার পুলিশ কমিশনারেটের কমিশনারদেরও ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে।
ভোটের দিনক্ষণ ঘোষণার মুখেই কমিশনের এই 'সার্জিক্যাল স্ট্রাইক' বিরোধীদের বড় জয় নাকি রুটিন প্রশাসনিক প্রক্রিয়া, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন