কলকাতা: দুর্গাপুজোয় বাঙালিদের আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যের জবাবে এবার সপাটে তোপ দাগলেন পরমাত্মানন্দজী মহারাজ। ধীরেন্দ্র শাস্ত্রীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “বাগেশ্বর বাবা একজন বাচাল ছেলে। এক কথায় এটা অসভ্যতা।” দেবীকে মদ্য ও মাংস দিয়ে ভোগের শাস্ত্রীয় রীতির কথা মনে করিয়ে দিয়ে পরমাত্মানন্দ মহারাজ স্পষ্ট জানান, কে কী খাবে, কে কী পরবে, তা ঠিক করে দেওয়ার বাগেশ্বর বাবা কেউ নন।
সম্প্রতি রাজ্য সফরে এসে নবরাত্রির সময় মণ্ডপের পিছনে বাঙালিদের আমিষ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী। বাঙালিদের ‘ভণ্ড’ আখ্যা দেওয়ার পাশাপাশি তিনি দাবি করেছিলেন, দুর্গাপুজোর সময় এসব "নোংরা খাবার" তাঁর একেবারেই অপছন্দ। এমনকী আমিষভোজীদের সমাজ থেকে বয়কট করার নিদানও দেন তিনি। এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতি থেকে সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে।
ধীরেন্দ্র শাস্ত্রীর এই ‘নিদান’ উড়িয়ে পরমাত্মানন্দ মহারাজ বলেন, “বাঙালি মাছ-মাংস রান্না করবে। দুর্গাপুজোর ক’দিন কব্জি ডুবিয়ে কচি পাঁঠার ঝোল, ইলিশ মাছের ভাপা, ফিশ কাটলেট, চিলি চিকেন খাবে। দেবতাকে মাছ-মাংস দিয়ে ভোগ দেবে। এই নিয়ে যেন কেউ দাদাগিরি ফলাতে না আসে।” তিনি আরও যোগ করেন, ভিনরাজ্যের নিরামিষপনা বাঙালির উপর চাপিয়ে দেওয়া যাবে না। শাস্ত্রে দেবীকে ‘মদ্য মাংস বলি প্রিয়া’ বলা হয়েছে। ধীরেন্দ্র শাস্ত্রীর সভায় ভক্তদের ভিড় প্রসঙ্গে সিপিএমের ৩৪ বছরের শাসনের পতনের উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন, ব্রিগেডে লোক হওয়া মানেই সত্য বদলে যায় না।
উল্লেখ্য, বাগেশ্বর বাবার এই বিতর্কিত বয়ান নিয়ে রাজনৈতিক মহলেও জোর শোরগোল শুরু হয়েছে। শাসকদলের পাশাপাশি বিজেপি নেতৃত্বও একে ধীরেন্দ্র শাস্ত্রীর সম্পূর্ণ ‘ব্যক্তিগত মতামত’ বলে দূরত্ব বজায় রেখেছে। অন্যদিকে, বাঙালির আবেগে আঘাত করার অভিযোগে কংগ্রেস ইতোমধ্যেই তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে।
হিডেন স্টোরিজ নিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন