‘রামায়ণ’-এ রামের চরিত্রে রণবীর কাপুরের লুক প্রকাশ্যে আসতেই তাঁকে ঘিরে চর্চা তুঙ্গে। এরই মাঝে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘জয় জয় রাম’। তারপর উন্মাদনা আরও বেড়েছে। কিন্তু সম্প্রতি গণেশপুজোর একটি ভিডিও ঘিরে বিতর্কে জড়ালেন অভিনেতা। সেই ফুটেজে দেখা যাচ্ছে, পুজোর মণ্ডপে গিয়ে গণপতিকে প্রণাম করার পর পুরোহিতের দেওয়া প্রসাদ না নিয়ে তা পাশে থাকা ছবিশিকারীদের দিয়ে দিচ্ছেন রণবীর। আর সেখান থেকেই শুরু নেটপাড়ার তর্ক-বিতর্ক।
ভিডিওটিতে রণবীরকে ক্যাজুয়াল পোশাকে দেখা যায়। গণেশমূর্তির সামনে গিয়ে প্রণাম করার পর তাঁর হাতে প্রসাদের একটি বাক্স তুলে দেন পুরোহিত। রণবীর তখন জানান, তিনি ডায়েটে রয়েছেন। এরপর প্রসাদটি সেখানে উপস্থিত ছবিশিকারীদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলেন। এই দৃশ্যই ফের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অভিনেতাকে নিয়ে শুরু হয় নানা মন্তব্য। রণবীরের এই আচরণকে ঘিরে আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের কেউ প্রশ্ন তুলেছেন, প্রসাদ সামান্য মুখে দিলে কী এমন ক্ষতি হত। কয়েকজন মন্তব্যকারী অভিনেতার পুরনো গোমাংস সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গও টেনে এনেছেন। সেই সূত্রেই আরও তীব্র হয়েছে বিতর্ক।
তবে এই ঘটনার সময়কাল নিয়েই উঠছে প্রশ্ন। দাবি করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়িয়ে পড়া এই ভিডিও আসলে এবারের গণেশপুজোর নয়, ২০২৩ সালের। এদিকে চলতি বছর গণেশপুজোয় রণবীরকে অন্য ছবিতেই দেখা গিয়েছে। আলিয়া ভাটের সঙ্গে আম্বানিদের অ্যান্টিলিয়ায় গণপতি উৎসবে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই নজর কেড়েছেন তারকা দম্পতি।
বিষয় : Ranbir Kapoor Bollywood

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন