উৎসবের সাজ মানেই নতুন পোশাক, গয়না আর হাতে মেহেন্দির নকশা। বিশেষ দিনের আগে মেহেন্দির চাহিদা আরও বেড়ে যায়। অনেকেই আবার হালকা কমলা বা বাদামি নয়, একেবারে গাঢ় কালো রঙের মেহেন্দি পছন্দ করেন। দ্রুত রং গাঢ় হয়ে গেলে দেখতে আকর্ষণীয়ও লাগে। কিন্তু এই দ্রুত কালো হয়ে যাওয়ার নেপথ্যে কী রয়েছে, তা আগে জানা জরুরি।
প্রাকৃতিক হেনার রং সাধারণত কমলা, লালচে-বাদামি বা গাঢ় বাদামি হয়। মেহেন্দি পরার পর সময়ের সঙ্গে সেই রং আরও গাঢ় হয়ে যায়। কিন্তু মেহেন্দি লাগানোর পর অস্বাভাবিক দ্রুত কালো হয়ে গেলে পণ্যের উপাদান সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেন ত্বক বিশেষজ্ঞরা। বিশেষ করে কিছু ‘ব্ল্যাক মেহেন্দি’-তে দ্রুত ও গাঢ় রং পাওয়ার জন্য প্যারাফেনিলিনডায়ামিন বা PPD থাকার আশঙ্কা থাকে। এই রাসায়নিকটি মূলত হেয়ার ডাইয়ে ব্যবহৃত হয়। তবে ত্বকের সংস্পর্শে এলে এটি অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
PPD-র কারণে অ্যালার্জি হলে মেহেন্দি লাগানো জায়গায় চুলকানি, জ্বালা, লালচে ভাব, ফোলা বা ত্বকে জ্বালাপোড়া দেখা দিতে পারে। কোনও কোনও ক্ষেত্রে ফোসকা বা ত্বক থেকে তরল বের হওয়ার মতো সমস্যাও হতে পারে। অ্যালার্জির সমস্যা কমে যাওয়ার পরেও কিছু ক্ষেত্রে ত্বকের রঙে পরিবর্তন থেকে যেতে পারে। তাই আগে হেয়ার ডাই, প্রসাধনী বা অন্য কোনও পণ্যে অ্যালার্জির ইতিহাস থাকলে মেহেন্দি ব্যবহারের সময় আরও সতর্ক থাকা দরকার। শিশু ও সংবেদনশীল ত্বকের ক্ষেত্রেও বিশেষভাবে সাবধান হওয়া জরুরি।
মেহেন্দি কেনার সময় শুধু কতটা কালো হবে বা কত দ্রুত রং ধরবে, সেটাই দেখবেন না। প্যাকেটে উপাদানের তালিকা পরিষ্কারভাবে দেওয়া রয়েছে কি না, সেটিও দেখে নিন। অজানা উৎসের মেহেন্দি, উপাদানের তালিকা নেই বা ‘ইনস্ট্যান্ট ব্ল্যাক’ ধরনের দাবির পণ্য এড়িয়ে চলা ভালো। ত্বকে কাটা, ক্ষত বা কোনও ধরনের প্রদাহ থাকলে সেখানে মেহেন্দি না লাগানোই ভালো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
বিষয় : Durga Puja 2026 Mehendi Side Effects

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন