কলকাতা: বয়স যে একটা সংখ্যামাত্র তা আরও একবার প্রমাণ করলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ষাট বছর বয়সেও তাঁর রাফ অ্যান্ড টাফ লুক দেখে মুগ্ধ অনুরাগীরা। মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘কিং’। মঙ্গলবার সকালেই তাঁর ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আনলেন শাহরুখ। হাতে বন্দুক, মুখে গোলাপ, বোতাম খোলা শার্টে শাহরুখের এই লুক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। পোস্টার প্রকাশ্যে আসতেই বলিউড বাদশাকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে।
শাহরুখ মানেই নতুন কিছু। রোম্যান্টিক নায়ক থেকে অ্যাকশন হিরো, প্রতিবারই নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন অভিনেতা। ২০২৩ সালে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ছবির হাত ধরে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন শাহরুখ। এবার ‘কিং’ ছবিতে তাঁকে আবারও অ্যাকশন ভূমিকায় দেখার অপেক্ষায় দর্শক। নতুন পোস্টারে সেই রাফ অ্যান্ড টাফ লুকই ধরা পড়েছে।
পোস্টার প্রকাশের সঙ্গে ক্যাপশনেও অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছেন শাহরুখ। লিখেছেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ।’ পোস্টার ঘিরে অনুরাগীদের প্রতিক্রিয়াও বেশ নজরকাড়া। কেউ লিখেছেন, ‘আশিক আবার ফিরে এসেছে রাজত্ব করতে’, আবার কেউ শাহরুখের নতুন লুককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
‘কিং’ নিয়ে উত্তেজনা অবশ্য নতুন নয়। ছবির ঘোষণার পর থেকেই শাহরুখের বড় পর্দার উপস্থিতি নিয়ে জল্পনা চলছিল। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর, বড়দিনের মরশুমে মুক্তি পেতে চলেছে ‘কিং’। ছবির প্রচার যত এগোবে, ততই নতুন ঝলক সামনে আসবে বলে আশা করছেন অনুরাগীরা।
Leave a comment