বেঙ্গালুরু: ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন এবং গৌরবময় অধ্যায়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে ভারতের মাটিতেই অত্যন্ত দ্রুত গতিতে তৈরি করা হচ্ছে দেশের প্রথম হাইস্পিড বুলেট ট্রেন। মুম্বই-অহমদাবাদ হাইস্পিড করিডর ধরে দ্রুত গতিতে ছুটবে এই স্বপ্নের ট্রেন। বর্তমানে কর্নাটকের বেঙ্গালুরুস্থিত ‘ভারত আর্থ মুভার্স লিমিটেড’ বা বিইএমএল (BEML) সংস্থার আধুনিক কারখানায় দিনরাত জোরকদমে চলছে এই বুলেট ট্রেনের নির্মাণকাজ। সম্প্রতি স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কারখানা প্রাঙ্গণে সরেজমিনে উপস্থিত হয়ে এই বুলেট ট্রেনের কাজের অগ্রগতি নিজে খতিয়ে দেখেন। সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া উদ্যোগে তৈরি এই হাইটেক প্রকল্পকে ঘিরে দেশজুড়ে এখন তুমুল উৎসাহ তৈরি হয়েছে।
প্রাথমিক সূত্রের খবর অনুযায়ী, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বুলেট ট্রেনের সর্ব্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ২৮০ কিলোমিটার, তবে নিরাপত্তার কথা মাথায় রেখে এটি গড়ে ২৪৯ কিলোমিটার গতিবেগে রেলপথে ছুটবে। পুরো ট্রেনটি হবে ২০২ মিটার দীর্ঘ এবং এতে প্রাথমিকভাবে ৮টি অত্যাধুনিক কামরা বা কোচ রাখা হচ্ছে। ৫৫৭ জন যাত্রী অত্যন্ত আরামে এতে সফর করতে পারবেন, যার মধ্যে বিশেষ সুবিধা হিসেবে দু’টি আসন শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য সংরক্ষিত রাখা হবে। ৮টির মধ্যে ৭টি কামরা ‘স্ট্যান্ডার্ড ক্লাস’ এবং একটি কামরা অতি বিলাসবহুল ‘এক্সিকিউটিভ ক্লাস’ হিসেবে সাজানো হচ্ছে। ট্রেনের দুই প্রান্তেই থাকবে সুসজ্জিত চালকের কেবিন। যাত্রীদের প্রতিক্রিয়া ভালো হলে ভবিষ্যতে আরও ৮টি কামরা জোড়ার ব্যবস্থাও রাখা হচ্ছে।
যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিক থেকেও এই ট্রেনে থাকছে বিশেষ চমক। প্রতিটি কামরায় পর্যাপ্ত পা ছড়ানোর জায়গা, ব্যাগ রাখার ওপর-নীচের প্রশস্ত র্যাক এবং আধুনিক উজ্জ্বল এলইডি আলোর ব্যবস্থা থাকছে। সফরের সময় নানা গুরুত্বপূর্ণ আপডেট দিতে থাকবে ডিসপ্লে স্ক্রিন ও স্বয়ংক্রিয় সাউন্ড সিস্টেম, যা হিন্দি, ইংরেজি ও স্থানীয় আঞ্চলিক ভাষায় তথ্য পরিবেশন করবে। শুধু তাই নয়, আপৎকালীন সময় চালক বা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে কামরা ও ভেস্টিবিউলে থাকছে ইমার্জেন্সি অ্যালার্ট বোতাম। প্রযুক্তির এই অভূতপূর্ব মেলবন্ধন ভারতের দ্রুতগতির রেলযাত্রায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে।
Leave a comment