•
Home খেলা Ranji Trophy 2026: ইডেনে পৃথ্বীদের বর্গি হানা! রঞ্জিতে লজ্জার হার বাংলার
খেলা

Ranji Trophy 2026: ইডেনে পৃথ্বীদের বর্গি হানা! রঞ্জিতে লজ্জার হার বাংলার

Share
পৃথ্বী শ।
Share

কলকাতা: রঞ্জি ট্রফিতে ঘরের মাঠে বড় ধাক্কা খেল বাংলা। 

ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিরুদ্ধে চলতি মরশুমের প্রথম হারের মুখ পড়তে হলো অভিমন্যু ঈশ্বরণদের। মহম্মদ শামির প্রাথমিক ধাক্কা সত্ত্বেও ব্যাটারদের চরম ব্যর্থতার খেসারত দিয়ে পৃথ্বী শ’র দলের কাছে ১০ উইকেটে আত্মসমর্পণ করল বাংলা। 

এই জয়ের সুবাদে বোনাস-সহ পূর্ণ ৭ পয়েন্ট ঘরে তুলে এলিট গ্রুপ সি-র শীর্ষস্থান দখল করে নিল মহারাষ্ট্র। চার ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে বসল তারা, আর ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল লক্ষ্মীরতন শুক্লের বাংলা।

দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। প্রথম ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে যায় দলের ইনিংস। একমাত্র উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল ৫৪ রান করে দলের মান বাঁচানোর চেষ্টা করলেও বাকি অভিজ্ঞ ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ থেকে শুরু করে সুদীপ ঘরামি ও সুদীপ চট্টোপাধ্যায়েরা উইকেটে টিকতেই পারেননি।

প্রথম ইনিংসে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও ছবির কোনও বদল হয়নি। শাহবাজ আহমেদ খাতা না খুলেই (শূন্য) প্যাভিলিয়নে ফেরেন। বিপর্যয়ের মুখে সপ্তম উইকেটে অভিষেক পোড়েল ও সুমন্ত গুপ্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দু’জনে মিলে ৬৪ রানের জুটি গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৬৫ রান করে অভিষেক আউট হন এবং নীচের সারির ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে ৫৯ রানে থামেন সুমন্ত। ফলে বাংলার দ্বিতীয় ইনিংস মাত্র ১৮৬ রানে শেষ হয়ে যায়।

শামির লড়াকু বোলিংয়েও রক্ষা মিলল না

ম্যাচে ফেরার সুযোগ যে বাংলার সামনে আসছিল না, তা নয়। প্রথম ইনিংসে বল হাতে আগুন ঝরান পেসার মহম্মদ শামি। তাঁর দাপুটে বোলিংয়ের সামনে ৬৪ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল মহারাষ্ট্র। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। 

বাংলার বোলিং লাইন আপকে খাদের কিনারে ঠেলে দিয়ে শেষ চার উইকেটে ১৫৪ রান যোগ করে মহারাষ্ট্র। আট নম্বরে ব্যাট করতে নেমে তনয় সাঙ্ঘাভি অপরাজিত ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলার হাত থেকে ম্যাচ কার্যত কেড়ে নেন। শামির ৪ উইকেট শেষ পর্যন্ত কোনও কাজে আসেনি।

চা বিরতির আগেই ম্যাচ পকেটে পুড়ল মহারাষ্ট্র

জয়ের জন্য মাত্র ১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনও ঝুঁকি নেয়নি মহারাষ্ট্র। বাংলার বোলারদের কোনও সুযোগ না দিয়ে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন দুই ওপেনার পৃথ্বী শ এবং শচীন ধাস। অধিনায়কের দায়িত্ব পালন করে ৫০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন পৃথ্বী, যার মধ্যে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। 

অন্যদিকে, সচিনের ব্যাট থেকে আসে ৬৮ বলে অপরাজিত ৬১ রানের মারকাটারি ইনিংস (১০টি চার)। চা বিরতি ঘোষণার আগেই ২০ ওভারের মধ্যে বিনা উইকেটে প্রয়োজনীয় রান তুলে নিয়ে ম্যাচ জিতে নেয় মহারাষ্ট্র।

টানা তিন জয়ে দারুণ শুরুর পর ইডেনের এই শোচনীয় পরাজয় আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিল বাংলাকে। লিগ টেবিলের শীর্ষস্থান হারিয়ে এখন রীতিমতো চাপে লক্ষ্মীরতন শুক্লের দল। কারণ, আগামী ম্যাচেই তাদের লড়াই শক্তিশালী গুজরাতের বিরুদ্ধে। তার আগে ব্যাটিং অর্ডারের এই বেহাল দশা দ্রুত কাটিয়ে ছন্দে ফেরাই এখন প্রধান চ্যালেঞ্জ বঙ্গ শিবিরের কাছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *