কলকাতা: পুজোর মরশুম শেষ হতেই শহরবাসীর জন্য সুখবর। ডিসেম্বরেই চালু হতে পারে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। সূত্রের খবর, এই রুটের মেট্রোর উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও প্রধানমন্ত্রীর দফতর তরফে এখনও কিছু চূড়ান্ত করা হয়নি। এর ফলে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোপথে যাতায়াতের সুযোগ তৈরি হবে।
বর্তমানে মেট্রো চলছে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত। ফলে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালু না হওয়ায় যাত্রীরা যাতায়াতের সুযোগ পাননি। চিংড়িহাটা ফ্লাইওভারের কাছে এই প্রকল্পের একাধিক কাজ দীর্ঘদিন জটিলতায় আটকে ছিল। পরে সেই কাজ এগোয় এবং সংশ্লিষ্ট অংশে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয়। তবে এখনই পরিষেবা চালু করা যাবে না।
বাকি রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ। ট্রায়াল রান, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা এবং কমিশনার অব রেলওয়ে সেফটির পরিদর্শন শেষ করতে হবে। নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পেলেই শুরু হবে যাত্রী পরিষেবা। ফলে ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের সম্ভাবনা থাকলেও চূড়ান্ত দিনক্ষণ এবং পরিষেবা এখনও আটকে অনুমোদনের উপর।
সোমবার সাঁতরাগাছি ও রাজস্থানের জয়পুরের মধ্যে নতুন ট্রেনের উদ্বোধন হয়। সেখান থেকেই এই মেট্রো প্রকল্প দ্রুত চালুর জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জানুয়ারিতে প্রবাসী ভারতীয়দের সম্মেলন এবং মাসের শেষ দিকে ওয়ার্ল্ড এনার্জি উইকের মতো একাধিক কর্মসূচি রয়েছে। তাই তার আগেই মেট্রো পরিষেবা চালুর অনুরোধ করেন তিনি। সেই আবহেই ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
Leave a comment