কলকাতা: দক্ষিণ কলকাতার অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে সাতসকালে তীব্র আতঙ্ক! বহুতলের উঁচুতলা থেকে গলগল করে বেরিয়ে আসছে কালো ধোঁয়া, আর তার মাঝেই দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। শুক্রবার সকালে সাউথ সিটির টাওয়ার নম্বর থ্রি-র ২৮ তলার একটি বিলাসবহুল ফ্ল্যাটে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোটা কমপ্লেক্স এবং সংলগ্ন সাউথ সিটি মল এলাকায় হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একের পর এক গাড়ি। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দমকল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ টাওয়ার থ্রি-র ২৮ তলার ফ্ল্যাটটি থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই আবাসনের নিরাপত্তা কর্মী এবং স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি প্রাথমিক আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। উঁচুতলায় আগুন লাগায় তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, ফলে আগুনের ভয়াবহতা দেখে তড়িঘড়ি ইঞ্জিনের সংখ্যা বাড়ায় দমকল কর্তৃপক্ষ। তবে আশার কথা, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ফ্ল্যাটের ভিতরে আটকে থাকা সমস্ত বাসিন্দাকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।
কী থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দমকল আধিকারিকদের প্রাথমিক লক্ষ্য হল আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা এবং তা যাতে পাশের কোনও ফ্ল্যাটে ছড়িয়ে পড়তে না পারে তা নিশ্চিত করা। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন উচ্চপদস্থ পুলিশ এবং দমকলের আধিকারিকেরা। আগুন সম্পূর্ণ নিভে গেলে বিষদ তদন্ত করে দুর্ঘটনার আসল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
Leave a comment