মুম্বই: মায়ানগরী মুম্বইয়ে যেন কাটছেই না আতঙ্কের কালো মেঘ!
একের পর এক সুপারস্টার ও নামী ব্যক্তিত্বের ফোনে আসছে প্রাণনাশের হুমকি কিংবা কোটি কোটি টাকার তোলাবাজির কল। আর প্রতিবারই কাঠগড়ায় সেই একই নাম গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এবার সেই কুখ্যাত চক্রের ছায়ায় নতুন নাম যুক্ত হল বলিউডের প্রবীণ অভিনেতা জিতেন্দ্র-পুত্র তথা অভিনেতা-প্রযোজক তুষার কাপুরের!
লরেন্স গ্যাংয়ের সাকরেদ হিসেবে পরিচিত ‘হ্যারি বক্সার’-এর নাম ভাঙিয়ে সরাসরি তুষার কাপুরের কাছে ৫ কোটি টাকার তোলা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ফের তীব্র শোরগোল এবং উদ্বেগ তৈরি হয়েছে বলিপাড়ার অন্দরে।
ভয়ে লাল ফোন, দ্রুত তৎপর পুলিশ প্রশাসন
হুমকি বার্তা পাওয়ার পরপরই কালবিলম্ব না করে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ‘গোলমাল’ খ্যাত এই অভিনেতা। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তদন্তে নামে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তুষার কাপুরের ফোনে আসা সেই অডিও রেকর্ডিং প্রযুক্তিগতভাবে বিশদ বিশ্লেষণ করা হয়। লালবাজার এবং স্থানীয় ক্রাইম ব্রাঞ্চের টেকনিক্যাল টিম পুলিশ ডাটাবেসে থাকা হ্যারি বক্সারের আসল কণ্ঠস্বরের সঙ্গে ওই হুমকি বার্তার আওয়াজ মেলাতে শুরু করে।
তবে প্রাথমিক তদন্তে দাবি, হুমকি বার্তার আওয়াজের সঙ্গে অফিশিয়াল ডাটাবেসে থাকা হ্যারি বক্সারের কণ্ঠস্বরের কোনও মিল নেই ! ফলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনও দুষ্কৃতী বা সুযোগসন্ধানী লরেন্স গ্যাংয়ের নাম ব্যবহার করে কেবল আতঙ্ক ছড়াতে এবং হুজুগে টাকা হাতাতে এই ভুয়ো মেসেজ বা কল পাঠিয়েছে। সেই অডিও রেকর্ডিংয়ের উৎস এবং ট্র্যাক নম্বর খোঁজার চেষ্টা চালাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ ও তদন্তকারীরা।
আরও পড়ুন: কারও সঙ্গে শত্রুতা নেই, কেন এমন হল! হামলার ধাক্কা কাটিয়ে কী জানালেন টাইগার?
বিষ্ণোই চক্রের লক্ষ্যে বলিপাড়া!
ইদানীং বলিউডে তারকাদের নিরাপত্তা এবং লরেন্স গ্যাংয়ের হুমকি, দুটি যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এর আগে ভাইজান সালমান খান থেকে শুরু করে ব্লকবাস্টার পরিচালক রোহিত শেট্টি, রণবীর সিং এবং টাইগার শ্রফের মতো একাধিক প্রথম সারির তারকার কাছে এই একই চক্র থেকে প্রাণনাশের হুমকি বা আক্রমণাত্মক মেসেজ এসেছে। এমনকি সুরক্ষাবলয় ভেদ করে বিভিন্ন হামলার চেষ্টাও শিরোনামে এসেছে।
তাই তুযার কাপুরের ক্ষেত্রে কলটি ভুয়ো বলে সন্দেহ করা হলেও, কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ প্রশাসন। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হচ্ছে।
‘বিগ স্ক্রিনে’ ফের জমজমাট প্রত্যাবর্তন
অভিনয় জগতে তুযার কাপুরের পথচলা দুই দশকেরও বেশি সময়ের। সম্প্রতি আহমেদ খান পরিচালিত ও নীরজ ভোরা রচিত তারকাবহুল ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ দেখা গিয়েছিল তাঁকে। সেখানে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, রবিনা টন্ডন, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, জনি লিভার, রাজপাল যাদব এবং লারা দত্তর মতো হেভিওয়েট তারকাদের পাশাপাশি স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।
তবে তুষার কাপুরের ক্যারিয়ারের অন্যতম আইকনিক ফ্র্যাঞ্চাইজি হলো ‘গোলমাল’। ২০০৬ সালে হর্ষ শিবশরণ-এর মারাঠি নাটক ‘ঘর ঘর’ (যা থেকে পরবর্তীতে নীরজ ভোরার গুজরাটি নাটক ‘আফলাতুন’ তৈরি হয়) অনুকরণে তৈরি হয়েছিল প্রথম ছবি ‘গোলমাল’।
আরও পড়ুন: টার্গেট ইমরান? রেইকি হয় বাড়িও! টাইগারকাণ্ডে নয়া মোড়
অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, শরমান যোশী, রিমি সেন এবং পরেশ রাওয়ালকে সঙ্গে নিয়ে শুরু হওয়া এই সফরের প্রতিটি কিস্তিতেই ছিলেন তুষার। ২০০৮-এর ‘গোলমাল রিটার্নস’, ২০১০-এর ‘গোলমাল ৩’ এবং ২০১৭-র ‘গোলমাল এগেইন’-এর পর এবার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘গোলমাল ৫’-এর জন্য।
রোহিত শেট্টি পরিচালিত এই পঞ্চম কিস্তিতে অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, সঞ্জয় মিশ্র, ব্রজেশ হিরজি, মুকেশ তিওয়ারির পাশাপাশি যুক্ত হচ্ছেন স্বয়ং অক্ষয় কুমারও! একদিকে বড় পর্দায় এই মেগা প্রজেক্টের তোড়জোড়, আর অন্যদিকে বাস্তবে এই ধরণের গ্যাংস্টার থ্রেটের মুখোমুখি হওয়া, সব মিলিয়ে তুষার কাপুরের নিরাপত্তা নিয়ে আপাতত নড়েচড়ে বসেছে গোটা বলিপাড়া।
Leave a comment