কলকাতা: তখন তিনি ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান, ক্ষমতার শীর্ষ কেন্দ্র। প্রতি বছর কালীপুজোর দিনে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সেই পরিচিত টালির চালের বাড়িটা গমগম করত নেতা, মন্ত্রী, আইএএস-আইপিএস আর টলিউডের চাঁদের হাটে।
কিন্তু সময়ের চাকা ঘুরে এক বছরের মধ্যেই রাজ্যের রাজনীতিতে ঘটে গিয়েছে বিরাট বদল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর পশ্চিমবঙ্গের মসনদে আসীন বিজেপি সরকার। রাজ্যে এই রাজনৈতিক পালাবদলের আঁচ এ বার সরাসরি গিয়ে পড়ল কালীঘাটে মমতার নিজস্ব কালীপুজোর আঙিনায়। রাতারাতি বদলে গেল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আবহাওয়াবদল ও সামগ্রিক ছবিটা।
অন্যান্য বার পুজোর দিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে পুলিশি তৎপরতা ও ভিভিআইপিদের গাড়ির লম্বা কনভয় দেখা যেত, রবিবার সেখানে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। কিছু পুলিশের গাড়ির সামান্য জটলা ছাড়া বাকি গলিটা ছিল প্রায় ফাঁকা।
নিরাপত্তার কড়াকড়ি কম, অনভিপ্রেত ভিড়ও উধাও। প্রতি বার এই দিনে মমতার বাড়ির দরজা আমজনতা, পাড়া-প্রতিবেশী এবং জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের জন্য খোলা থাকে। প্রথা ও সৌজন্য বজায় রেখে এ বারও তার ব্যতিরেক ঘটেনি।
আরও পড়ুন: ৭০০ ভরি সোনার গয়না! রাজনীতির মেঘ কেটে ফের ঝলমলে কেষ্টর কালীপুজো
তবে যে তারকা ও ভিআইপিদের উপস্থিতিতে প্রতি বার এই পুজো অন্য মাত্রা পেত, তাঁদের উপস্থিতি এ বার ছিল শূন্যের কোঠায়। দেখা মেলেনি টলিউডের নামীদামি তারকাদের। এমনকী গুঞ্জন ও ফিসফাস শুরু হয়েছে এ দিন প্রতিমার উচ্চতা নিয়েও উপস্থিত কারও কারও মতে, অতীতের তুলনায় এ বার প্রতিমা যেন আকারে কিঞ্চিৎ ছোট! তবে এই সমস্ত জৌলুস কমলেও চেনা সেই সাধারণ আটপৌরে শাড়ির বেশে অতিথিদের নিজে হাতে আপ্যায়ন করতে দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
অথচ ঠিক এক দিন আগেই, অর্থাৎ শনিবার, চরম উত্তেজনা ও ধুন্ধুমার কণ্ড ঘটেছিল এই হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও সংলগ্ন পটুয়াপাড়ায়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বাড়ির সামনে কর্মী-সমর্থকদের বিপুল জমায়েত ঘিরে স্থানীয়দের একাংশের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছিল। অভিযোগ, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে একদল অপরিচিত মুখ আচমকা অভিষেকের বাড়িতে চড়াও হয়ে হামলা চালানোর চেষ্টা করে।
শেষ পর্যন্ত নিজে মধ্যস্থতা করে এবং থানা-পুলিশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মমাই। তবে সেই ঘটনার ঠিক এক দিন পর, পুজো উপলক্ষে কালীঘাটের গলিতে ওই অপ্রীতিকর ঘটনার বিন্দুমাত্র রেশ ছিল না।
হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকলে বাঁদিকের ছোট কালীপুজোটি পেরিয়ে সোজা এগোলেই মমতার ঘর। চেনা নিরাপত্তা বেষ্টনীর দাপট নেই, কেবল পরিচয় জানিয়ে সামান্য তল্লাশির পর সোজা ভিতরে প্রবেশ। উঠোনে তখন চলছে এক সময় রাজ্যের অন্যতম হাই-প্রোফাইল হিসেবে পরিচিত সেই নিজস্ব পুজো। সন্ধ্যার পর সেখানে একে একে হাজির হন সাংসদ সৌগত রায়, দোলা সেন, কুণাল ঘোষ এবং ছাত্র-যুব সংগঠনের কয়েক জন প্রতিনিধি। ঘুরে যান বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা।
রাতের দিকে সস্ত্রীক উপস্থিত হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর হাজারও ব্যাস্ততার মাঝেই বারবার বেরিয়ে এসে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলছিলেন মমতা। ব্যাকগ্রাউন্ডে মৃদু সুরে বাজছিল তাঁরই লেখা ও সুর করা গত ১০ বছরে প্রকাশিত বিভিন্ন অ্যালবামের গান। নিজেই হেসে সে কথা জানিয়ে মমতা বললেন, ‘‘শ্রীরাধা, ইন্দ্রনীল, তৃষা, রূপঙ্করদের গাওয়া গানগুলোই বাজছে।’’
তবে এই পরিবেশের মধ্যেও উপস্থিত অনুগামীদের একাংশের আড্ডায় বারবার ফিরে এসেছে অতীতের পুজো আর বর্তমানের পার্থক্যের কথা। এক সময় এই বাড়ি ঘিরে যে শীর্ষস্থানীয় আইএএস ও আইপিএস আধিকারিকদের আসাযাওয়া থাকত, দামি মসলিনের ঝলকানিতে টলিউড তারকাদের উপস্থিতি চোখ ধাঁধিয়ে দিত, তাঁরা এ বার পুরোপুরি নিখোঁজ।
বিশেষ করে প্রতি বছর পুজোর সমস্ত বিশাল আয়োজনের তদারকিতে যে দুটি পরিচিত মুখ সদাব্যস্ত থাকতেন অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। এ বার তাঁরাও নেই। অতীতের নিয়ম ভেঙে নবনীড় বৃদ্ধাশ্রমের প্রবীণ আবাসিকদের নিয়ে প্রতি বার যাঁর আসা বাঁধা ছিল, সেই ফিরহাদ হাকিমও এ দিন অনুপস্থিত ছিলেন। ফলে পুজো দেখতে আসেননি বৃদ্ধাশ্রমের আবাসিকরাও।
মমতার বাড়ির পুজো পেরিয়ে গলিতে এ বার আরও দুটি বড় পুজো হচ্ছে। তার মধ্যে একটির আনুষ্ঠানিক উদ্বোধন এ দিন নিজের পুজোর আয়োজনের মাঝেই সময় বের করে নিজেই করে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পালাবদল এবং ক্ষমতার সমীকরণ বদলালেও, নিজের উঠোনের পুজোয় নিজের মেজাজেই অচঞ্চল রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Leave a comment