•
Home Top-News টালা এলাকায় জল সরবরাহ শুরু হলেও কাটছে না দুশ্চিন্তা! স্বাভাবিক হতে লাগবে আরও কত দিন?
Top-Newsকলকাতা

টালা এলাকায় জল সরবরাহ শুরু হলেও কাটছে না দুশ্চিন্তা! স্বাভাবিক হতে লাগবে আরও কত দিন?

Share
হিডেন স্টোরিজ নিউজ
ফাইল ছবি
Share

কলকাতা: টালা ব্রিজের নিচে পানীয় জলের মূল পাইপলাইন ফেটে যাওয়ার জেরে গত দুই দিন ধরে চলা ভয়াবহ জলসঙ্কট থেকে অবশেষে আংশিক মুক্তি পেল কলকাতা। পুরসভা সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ চালিয়ে বৃহস্পতিবার সকাল এগারোটার পর থেকে বিকল্প পাইপলাইনের মাধ্যমে প্রভাবিত এলাকাগুলিতে জল সরবরাহ ফের চালু করা সম্ভব হয়েছে। তবে সংকট পুরোপুরি কাটেনি। জলের বেগ এখনও অত্যন্ত কম থাকায় উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের ভোগান্তি অব্যাহত রয়েছে এবং জোগান পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগবে বলে স্বীকার করে নিয়েছে পুর কর্তৃপক্ষ।

গত সোমবার সকালে টালা রেলগেট সংলগ্ন টালা ব্রিজের নিচে পাইপ ফেটে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। জলমগ্ন হয়ে পড়েছিল রেললাইন ও সংলগ্ন রাস্তাঘাট। জল জমে থাকার সেই দৃশ্য সামাল দেওয়া গেলেও, তার আসল কোপ এসে পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। পাইপ ফাটার দিন জমানো জলের জেরে জট সেভাবে না বুঝলেও, মঙ্গলবার থেকে কলকাতার বিস্তীর্ণ অংশে জলের চাপ মারাত্মকভাবে কমে যায়। কোথাও কোথাও সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পানীয় জলের জোগান।

আরও পড়ুন : ৭২ ইঞ্চির পাইপ ফেটে টালায় জল-তাণ্ডব!

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, উত্তর কলকাতার সোনাগাছি লেন, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, নাথেরবাগান, শোভাবাজার, কুমারটুলি, বাগবাজার, মানিকতলা থেকে শুরু করে এন্টালি, গিরিশ পার্ক ও শিয়ালদহের মতো জনবহুল এলাকাগুলিতে জলের মারাত্মক আকাল দেখা দেয়। দক্ষিণ কলকাতার এজেসি বসু রোড, বালিগঞ্জ ও কসবার কিছু অংশেও পরিষেবা ব্যাহত হয়। যদিও পুরসভার দাবি, বৃহস্পতিবার সকাল থেকে ওই সমস্ত অঞ্চলেই বিকল্প উপায়ে জল পৌঁছানো শুরু হয়েছে, তবে মূল পাইপলাইন সারাইয়ের কাজ এখনও পুরোপুরি শেষ না হওয়ায় জলের ধার নামমাত্র।

এই তীব্র জলসঙ্কট মেটাতে পুরসভার তরফে বিভিন্ন অঞ্চলে প্রায় আটশোটি জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করা হলেও, পরিষেবার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ কমেনি। বহু বাসিন্দার অভিযোগ ছিল, হেল্পলাইনে ফোন করেও সঠিক সময়ে জলের ট্যাঙ্কার পাওয়া যাচ্ছে না। এদিকে শহরে নির্বাচিত বোর্ড বা মেয়র না থাকায় পুরকর্মীদের মধ্যে সমন্বয়ের অভাবে ত্রাণকার্য ব্যাহত হয়েছে বলেও অভিযোগ ওঠে। আপাতত বৃহস্পতিবার থেকে আংশিক জল সরবরাহ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি মিললেও, জলের স্বাভাবিক প্রবাহ ফিরে না আসা পর্যন্ত মানুষের দৈনন্দিন কষ্ট পুরোপুরি ঘুচছে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *