মুম্বই ও চণ্ডীগড়: নভেম্বরই কি ফের ভারতের উপর আঘাত আনার ছক কষেছিল পাকিস্তান?
এই উত্তর খুঁজতে গিয়ে দেশের পশ্চিম এবং উত্তরের রাজ্যকে তিন জনকে গ্রেফতার করা হল। মুম্বইয়ের কোলাবায় ২৬/১১ জঙ্গি হামলার অন্যতম নরিমান হাউস-সহ ইহুদি ও বিদেশি নাগরিকদের ঠিকানায় রেকি করার অভিযোগে নভি মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে ২০ বছরের এক তরুণকে। অন্য দিকে, রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পঞ্জাব থেকে এক তরুণী-সহ দু’জনকে পাকড়াও করেছে যৌথ বাহিনী। তদন্তকারীদের দাবি, দুই ঘটনার নেপথ্যেই রয়েছে সীমান্তপারের পাক হ্যান্ডলারদের সরাসরি মদত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নভি মুম্বইয়ের বাসিন্দা ২০ বছর বয়সি যশ সিংহকে গ্রেফতার করেছে নভি মুম্বই এটিএস ও কেরল পুলিশের যৌথ দল। সমাজমাধ্যমে আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে তার যোগসূত্রের খবর পেয়েই তদন্তে নামে এটিএস।
জানা যায়, কেরলের ত্রিশূরে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) দায়ের হওয়া একটি মামলার সঙ্গে যশের সরাসরি যোগ রয়েছে। জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিদেশি হ্যান্ডলারদের নির্দেশে মুম্বইয়ের অত্যন্ত স্পর্শকাতর এলাকাগুলির তথ্য সংগ্রহ করছিল সে।
আরও পড়ুন : রাজস্থানের সীমান্তে রেললাইনে রহস্যমৃত্যুর ফাঁদ? ট্রেন যাওয়ার পরই বিকট শব্দে কেঁপে উঠল ভারত-পাক সীমান্ত!
বিশেষ করে কোলাবার ইহুদি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ‘ছাবাদ হাউস’, শহরে বসবাসকারী ইহুদি ও বিদেশি নাগরিকদের ছবি, তাঁদের ব্যবহৃত গাড়ির নম্বর এবং নিখুঁত ভৌগোলিক অবস্থান (লোকেশন) পাঠিয়ে দিয়েছিল পাচারকারীদের কাছে।
এটিএস আধিকারিকদের মতে, পাক জঙ্গি শাহজাদ ভাট্টির সিন্ডিকেট টেলিগ্রাম, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেকার ও আর্থিক ভাবে দুর্বল তরুণদের নিশানা করছে এবং মোটা টাকার প্রলোভন দেখিয়ে নাশকতার কাজে লাগাচ্ছে।
অন্য দিকে, গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টা নাগাদ রাজস্থানের শ্রীগঙ্গানগরের রামসিংহপুরের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দু’টি রেলওয়ে স্লিপার ভেঙে চুরমার হয়ে যায় এবং লাইনে প্রায় আড়াই ফুট গভীর গর্ত তৈরি হয়।
ওই বিস্ফোরণের মাত্র ৭৫ মিনিট আগেই সেই লাইন দিয়ে অনুপগড়-সুরতগড় প্যাসেঞ্জার ট্রেন গিয়েছিল। ফলে অল্পের জন্য বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে রাজস্থান এটিএস, শ্রীগঙ্গানগর পুলিশ এবং পঞ্জাব পুলিশের যৌথ দল পঞ্জাব থেকে ২১ বছরের মহকদীপ কৌর এবং ২২ বছরের দবিন্দর সিংহকে গ্রেফতার করে।
তদন্তে উঠে এসেছে আইএসআই-এর ‘হানিট্র্যাপ’-এর ভয়ঙ্কর ছক। পুলিশ জানিয়েছে, ধৃত তরুণী মহকদীপের স্বামী মাদক পাচারের মামলায় জেলবন্দি থাকায় তিনি একাই থাকতেন। এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের দুই হ্যান্ডলার ‘চাচা’ এবং ‘শাহ’ তাঁর সঙ্গে প্রেমের অভিনয় করে ঘনিষ্ঠতা বাড়ায়। পরে মোটা টাকার বিনিময়ে তাঁকে রেললাইনে বিস্ফোরণ ঘটানোর বরাত দেওয়া হয়।
ধৃত তরুণীর কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, ৪৬ রাউন্ড কার্তুজ এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের থাকা, মোটরবাইক ও ঘটনাস্থলে পৌঁছনোর ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে আরও তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও গঙ্গানগরের ববিতা নামে এক মহিলাকে একই কায়দায় ফাঁদে ফেলেছিল আইএসআই। পরপর এই দুই ঘটনায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে গোয়েন্দা মহলে।
Leave a comment