শান্তিনিকেতন: ঠিক কী ঘটেছিল নানুরের চারকোল গ্রামের কাছে উচকরণ এলাকার ওই ইটভাটায়? কেন গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে প্রাণ হারাতে হল ৩৬ মামলার আসামি রতন শেখকে?
সোমবার সকালে সাংবাদিক বৈঠক করে বীরভূম এনকাউন্টারের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন জেলার পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ। তাঁর স্পষ্ট দাবি, কোনও অতিসক্রিয়তা নয়, সম্পূর্ণ আইন মেনে আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছিল পুলিশ।
অন্য দিকে, ভাইয়ের মৃত্যুসংবাদে শোকস্তব্ধ নানুরের সাঁওতা গ্রামের শেখ পরিবার। রতনের বৌদি চম্পা বিবির আক্ষেপ, “পুলিশ ওর হাত-পা ভেঙে জেলে ভরে রেখে দিতে পারত। কিন্তু জীবনটা কেড়ে নেওয়া উচিত হয়নি।”
গত ১৩ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতনের লাইকবাজারে রতনকে ধরতে গিয়ে তার ছোড়া গুলিতে বাঁ পায়ে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। বর্তমানে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, তাঁর পায়ে অস্ত্রোপচার হতে পারে।
ওই ঘটনার পর থেকেই রতনের খোঁজে চিরুনিতল্লাশি শুরু করেছিল পুলিশ। পুলিশ সুপার জানান, রবিবার বর্ধমানের একটি গোপন ডেরা থেকে রতনকে গ্রেফতার করা হয়। জেরায় রতন স্বীকার করে, শুক্রবারের হামলার পর সে কোথায় লুকিয়ে ছিল এবং আগ্নেয়াস্ত্রটি কোথায় রেখেছে।
এসপি-র কথায়, “রতন জানিয়েছিল, উচকরণ এলাকার একটি ইটভাটায় সে অস্ত্র লুকিয়ে রেখেছে। সেই অস্ত্র উদ্ধার করতেই পুলিশের একটি দল তাকে নিয়ে ঘটনাস্থলে যায়। অস্ত্র কোথায় আছে বোঝাতে গিয়ে ও এদিক-ওদিক দেখাচ্ছিল। আচমকাই মাটিতে বসে পড়ে লুকোনো আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে সোজা গুলি চালায়। গুলিটি পুলিশের গাড়িতে গিয়ে লাগে। তখন প্রাণ বাঁচাতে এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে রতন জখম হয়।” নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বোলপুর হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে।
আরও পড়ুন : এবার শান্তিনিকেতন! পুলিশকে গুলি করার ২৪ ঘণ্টার মধ্যেই এনকাউন্টার, খতম রতন শেখ
এনকাউন্টারের স্বচ্ছতা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে, সে জন্য ভিডিয়োগ্রাফি-সহ সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশিকা মানা হয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডাকা হয়েছে।
পাশাপাশি, শুক্রবার কনস্টেবলকে গুলি চালানোর সময় রতনের সঙ্গী রমেশ লোহার (যার বিরুদ্ধে ১৭-১৮টি মামলা রয়েছে) এবং নুর হোসেন শেখ নামে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯, ১১৮, ১৩২, ২২১, ৩৫ নম্বর ধারা এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।
এদিকে, রবিবার সন্ধ্যায় রতনের মৃত্যুর খবর পৌঁছয় নানুরের সাঁওতা গ্রামে। পরিবারে দাদা সালাম শেখ এবং বৌদি চম্পা বিবি ছাড়া আর কেউ নেই। ভাইয়ের দেহ শনাক্ত করতে বোলপুরে গিয়েছেন সালাম। চম্পা বিবি জানান, বছর পাঁচ-ছয়েক আগে স্ত্রী ও দুই ছেলে রতনকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই জমিজমা বিক্রি করে গ্রাম ছেড়েছিল রতন।
এর পরই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে। চম্পার কথায়, “ও যে অন্যায় করেছিল, তার সাজা হোক আমরাও চেয়েছিলাম। ভেবেছিলাম পুলিশ ধরে সারা জীবন জেলে ভরে রাখবে। হাত-পা ভেঙে দিলেও আপত্তি ছিল না। কিন্তু এমন মৃত্যু আমরা কেউ চাইনি।”
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর গত ছ’মাসে পঞ্চম এনকাউন্টার। এর আগে বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ ও রায়গঞ্জে পুলিশের গুলিতে দুষ্কৃতীদের মৃত্যু হয়েছে। রবিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় জানিয়েছিলেন, “পুলিশকে গুলি করলে যা করার তাই করা হবে। গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? গুন্ডারা বাংলাদেশ পালাও।” মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার পরদিনই পুলিশের এই সাংবাদিক বৈঠক প্রশাসনের কঠোর অবস্থানকেই আরও একবার স্পষ্ট করে দিল।
Leave a comment