নিউ জলপাইগুড়ি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফর ঘিরে কড়া নিরাপত্তা। তার মধ্যেই নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে ‘রোহিঙ্গা’ সন্দেহে আটক চারজন। তাঁদের মধ্যে মহিলাও রয়েছেন। কেন তাঁরা এনজেপি স্টেশনে ঘোরাফেরা করছিলেন, কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার শিলিগুড়িতে পৌঁছন অমিত শাহ। শুক্রবার এসএসবির একটি বিশেষ কর্মসূচিতেও যোগ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে এনজেপি স্টেশনের প্ল্যাটফর্মে চারজনকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন ওই চারজন। কিন্তু তাঁদের কাছ থেকে এদেশে বসবাসের বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আটক চারজন রোহিঙ্গা হতে পারেন। তবে তাঁদের পরিচয় ও নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে। এনজেপি স্টেশনে তাঁদের গতিবিধি নিয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে অনুপ্রবেশ নিয়ে বারবার কড়া বার্তা দেওয়া হয়েছে। সীমান্তবর্তী উত্তরবঙ্গে এর আগেও অনুপ্রবেশের অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবার অমিত শাহের সফরের আবহে এরকম ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
বিষয় : NJP North Bengal Siliguri

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন