কলকাতা: সামনেই উৎসবের মরশুম, অথচ তার আগেই চরম অর্থসংকটে পড়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল মমতা তৃণমূল। আদালত নিযুক্ত স্পেশাল অফিসার সুব্রত তালুকদারের কমিটির কাছে দলের দৈনন্দিন খরচের টাকা চেয়েও মিলছে না— এই অভিযোগে সোমবার হাই কোর্টের হস্তক্ষেপ দাবি করেন মমতা তৃণমূলের আইনজীবী। আবেদনে জানানো হয়, ব্যাংকের টাকা না পাওয়ায় দলের কর্মচারীদের বেতন থেকে শুরু করে কার্যালয়ের বাড়ি ভাড়া পর্যন্ত সমস্ত জরুরি খরচ আটকে রয়েছে। সেই কারণে বিষয়টি জরুরিভিত্তিতে শুনানির আরজি জানানো হয়েছিল। তবে তৃণমূলের সেই জরুরি শুনানির আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে আদালত। ফলে পুজো ও ছুটির পর বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হতে পারে।
প্রসঙ্গতঃ, এর আগে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে একটি বেসরকারি ব্যাংকে থাকা তিনটি অ্যাকাউন্ট পুলিশ ফ্রিজ করে দিয়েছিল। সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কালীঘাট তৃণমূল আদালতের দ্বারস্থ হলে বিচারপতি সৌগত ভট্টাচার্য দৈনিক খরচ চালানোর সুবিধার্থে ওই অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি দেন। কিন্তু ব্যাংকের লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে এবং অনিয়ন্ত্রিত টাকা তোলা বন্ধ করতে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করে পুরো বিষয়টি তদারকির নির্দেশ দিয়েছিল আদালত। আগামী বছর ২৯ জানুয়ারি পর্যন্ত এই প্রশাসনিক ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানান বিচারক।
তবে এরই মাঝে রাজনৈতিক জটিলতা আরও বাড়ে, যখন নির্বাচন কমিশন কালীঘাট ও ঋতব্রত তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম এবং ঘাসফুল প্রতীক দুটোই ফ্রিজ করে দেয়। এই সিদ্ধান্তকে হাতিয়ার করে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছিল, কমিশন যেহেতু দলটির নাম ও চিহ্ন আপাতত স্থগিত রেখেছে, তাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে চলা ব্যাংক অ্যাকাউন্ট ও মামলা খারিজ করা উচিত। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই সওয়াল খারিজ করে জানিয়ে দেন, ২৯ জানুয়ারি পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের টাকা খরচের নির্দিষ্ট অধিকার মমতা তৃণমূলের হাতেই থাকছে।
তবে সমস্যা দেখা দেয় অন্য জায়গায়। মমতা তৃণমূলের অভিযোগ, উপনির্বাচনের আবহে দলের নাম ও প্রতীক নির্বাচন কমিশন সত্যিই ফ্রিজ করেছে কি না এবং বর্তমানে দলের আইনি অবস্থান কী, স্পেশাল অফিসার তা লিখিতভাবে জানতে চেয়েছেন এবং স্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত টাকা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবারই রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগরে হাইভোল্টেজ উপনির্বাচন রয়েছে। ভোটের আগের দিন অর্থাভাব ও আইনি জটিলতায় জড়িয়ে কোণঠাসা হয়ে পড়ল মমতা তৃণমূল।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন