দিল্লিতে অবতরণের আগে মাঝ আকাশেই বিপত্তি। তীব্র ঝাঁকুনির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি উড়ান। ঘটনায় যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বায়ুপ্রবাহের অস্থিরতার কারণেই আচমকা বিমানটি প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এর জেরে বিমানের ভিতরে শুরু হয় প্রবল ঝাঁকুনি।
মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার AI2379 উড়ানে এই ঘটনা ঘটে। থাইল্যান্ডের ফুকেট শহর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি। দিল্লি বিমানবন্দরে নামার কয়েক মিনিট আগেই বিপত্তির মুখে পড়ে। হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ঝাঁকুনির জেরে ১১ জন যাত্রী এবং ৪ জন বিমানকর্মী আহত হয়েছেন। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বিমান অবতরণের পর সমস্ত যাত্রী ও বিমানকর্মী নিরাপদে বিমান থেকে নেমে যান। কয়েকজন যাত্রী ও কর্মী সামান্য চোট পেয়েছেন। তাঁদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা করা হচ্ছে। তবে এই ঘটনায় কোনও বড় ধরনের ক্ষতি হয়নি। প্রবল ঝাঁকুনির কারণে বিমানের ভিতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি জায়গায় ফাটল এবং ভাঙনের চিহ্নও দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে।
বিমান চলাচলের ক্ষেত্রে বায়ুপ্রবাহের হঠাৎ পরিবর্তনের কারণে এমন ঝাঁকুনি তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অনেক সময় পরিষ্কার আকাশেও এই ধরনের ‘ক্লিয়ার এয়ার টার্বুলেন্স’-এর মুখে পড়তে পারে বিমান। তাই যাত্রীদের সবসময় সিটবেল্ট বাঁধা রাখার পরামর্শ দেওয়া হয়।
বিষয় : Flight Air India Turbulence

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন