"আর কোনো রেয়াত নয়!"—রান্নার তেলে ভেজাল রুখতে এবার চূড়ান্ত কঠোর পদক্ষেপ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA)। সিলপ্যাক ছাড়া খোলা তেল বিক্রির ব্যবসা চালালে এবার সোজা যেতে হবে শ্রীঘরে।মহারাষ্ট্রের FDA প্রধান তুকারাম মুন্ডে সাফ জানিয়ে দিয়েছেন, প্যাকেটজাত রান্নার তেলের বদলে খোলা খুচরো তেল বিক্রি করলে কাউকে ছাড়া হবে না।
রান্নার তেল প্রতিটি গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় উপাদান। বিশেষ করে সরষের তেলে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল মেশানোর প্রবণতা দিন দিন বাড়ছে, যা সাধারণ মানুষের শরীরে ডেকে আনছে মারাত্মক রোগব্যাধি। এই ভেজাল চক্রের কোমর ভাঙতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘সেফ ফুড, সেভ মহারাষ্ট্র’ অভিযান।
নতুন নির্দেশিকা অমান্য করে খোলা তেল বিক্রি বা তেলে ভেজাল মেশালে দোষীদের বিরুদ্ধে কড়া ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি জরিমানার পাশাপাশি হতে পারে ৩ বছর পর্যন্ত জেল।
শুধুমাত্র খুচরো দোকানই নয়, নজরদারির আওতায় আনা হয়েছে অনলাইন কুইক-কমার্স সংস্থাগুলোকেও। সম্প্রতি অস্বাস্থ্যকর পরিবেশ ও নিয়ম না মানার কারণে একাধিক শীর্ষস্থানীয় ডেলিভারি সংস্থার ওয়্যারহাউসে তল্লাশি চালিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। পাশাপাশি রেস্তোরাঁ ও খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটগুলোতেও চলছে ঝটিকা অভিযান।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন