চম্পাহাটিঃ ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার দুপুরে চম্পাহাটির পিয়ালিতে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ছুটে গিয়ে স্থানীয়রা দেখেন, দাউদাউ করে জ্বলছে কারখানাটি। মুহূর্তের মধ্যে চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। বিস্ফোরণে কারখানার ভিতরে থাকা পাঁচজন দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ এবং দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। কারখানার ভিতর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। গুরুতর আহত একজনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে কারখানাটির বৈধতা নিয়ে। আদৌ কি বাজি তৈরির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ছিল? নাকি নিয়মকানুনের তোয়াক্কা না করেই চলছিল কারখানা? কারখানার মালিক কে, বিস্ফোরণের সময় তিনি সেখানে ছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, পিয়ালি গ্রাম এবং হালাল বাজি রাজারের মাঝামাঝি জলাজমির পাশে তৈরি হয়েছিল ওই কারখানা।
চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ অবশ্য নতুন ঘটনা নয়। অভিযোগ, এলাকার বহু কারখানাই নিরাপত্তা বিধি না মেনে চলে। অতীতে একাধিক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। পুলিশি অভিযান, গ্রেফতারির পরেও ফের নতুন করে কারখানা গজিয়ে ওঠার অভিযোগ রয়েছে।
বিষয় : Champahati Fire Cracker

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন