আসানসোল: কয়লা চুরি এবং বেআইনি খনন রুখতে এবার সরাসরি সাধারণ মানুষকে ময়দানে নামাল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)। খনি অঞ্চল থেকে মূল্যবান জাতীয় সম্পদ চুরি ঠেকাতে এবার আমজনতার হাতেই বড় অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কোথাও অবৈধ খনন বা কয়লা চুরি হতে দেখলেই তৎক্ষণাৎ তার ছবি তুলে প্রশাসনের কাছে পাঠানোর আবেদন জানানো হয়েছে ইসিএলের তরফে। সাধারণ মানুষের এই সক্রিয় সহায়তার ওপর ভর করেই পাচারকারীদের ওপর চূড়ান্ত আঘাত হানতে চাইছে খনি কর্তৃপক্ষ।
এই বিশেষ নজরদারির জন্য ‘খনন প্রহরী’ নামের একটি ডিজিটাল মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গুগল প্লে-স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপটি। খনি এলাকার ম্যাপ সহ এতে অভিযোগ জানানোর বিশেষ ব্যবস্থা রয়েছে। কোথাও চুরি বা বেআইনি কাজ চোখে পড়লেই তার একটি ছবি এবং সংক্ষিপ্ত বিবরণ এই অ্যাপে পোস্ট করতে হবে। এই তথ্য সরাসরি ইসিএলের নিরাপত্তা বিভাগে পৌঁছে যাবে, যার ওপর ভিত্তি করে তাৎক্ষণিক অভিযান চালাবেন আধিকারিকেরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তথ্য সরবরাহকারী আমজনতার সুরক্ষার স্বার্থে তাঁদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে আশ্বাস দিয়েছে ইসিএল সূত্র।
উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন কেন্দ্রীয় কয়লামন্ত্রী পীযূষ গোয়েলের উদ্যোগে এই অ্যাপটি চালু হয়েছিল। এতদিন মূলত ইসিএলের নিজস্ব কর্মীরাই এই অ্যাপ ব্যবহার করে আসছিলেন। তবে বিস্তৃত খনি অঞ্চলে চুরি পুরোপুরি বন্ধ করতে এবার আমজনতাকেও এই লড়াইয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হলো। ইসিএলের প্রবীণ আধিকারিক সতীশকুমার ঝা জানিয়েছেন, কয়লার মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে এবং পাচার রুখতে সবার অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সেই কারণেই এই অভিনব পদক্ষেপ।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন