কোচবিহারঃ ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে বিজেপির এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত পঙ্কজ সাহা বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য। শীতলকুচি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ১৫ আগস্ট শীতলকুচির বামনপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী ইসলাম মিঞা ধান কেনার জন্য গোসাইহাটে গিয়েছিলেন। অভিযোগ, সন্ধ্যার আগে ফোন করে তাঁকে একটি জায়গায় ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছনোর পর ১০-১২ জনের একটি দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর ছেলেকে অপহরণ করে বলে। এরপর ব্যবসায়ীর পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দেওয়ার পর তাঁর ছেলেকে ছেড়ে দেওয়া হয় । ঘটনার পর ব্যবসায়ীর বাবা সইজার মিয়া শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পঙ্কজ সাহাকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার অভিযুক্ত বিজেপি নেতাকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হয়। অভিযোগকারী ও তাঁর ছেলে অভিযুক্তকে শনাক্ত করেছেন বলে আদালতে জানান আইনজীবী বাবলু বর্মন। পঙ্কজের জামিনের আবেদন খারিজ করে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
বিষয় : BJP CoochBehar

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন