কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর। ২০২০ সালে ডায়মন্ড হারবারে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ কয়েকজন বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর পিএ সুমিত রায়, জাহাঙ্গীর খান-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।
উল্লেখ্য, ২০২০ সালে ডায়মন্ড হারবারে শমীক ভট্টাচার্য-সহ বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। সেই সময় এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও এফআইআর হয়নি। এমনকি কাউকে গ্রেফতারও করা হয়নি বলে দাবি বিজেপির। রাজ্যে পালাবদলের পর ফের ওই ঘটনার তদন্তের দাবি জানায় বিজেপি। অভিজিৎ দাসের অভিযোগ, ওই হামলার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত ছিল। তাঁর দাবি, ২০২০ সালের ঘটনায় ১০০-র বেশি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিজেপি নেতাদের উপর হামলা চালিয়েছিল।
বৃহস্পতিবার সেই ঘটনার তথ্যপ্রমাণ সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর পিএ সুমিত রায়, জাহাঙ্গীর খান-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির দাবি, এতদিন অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে। এবার নতুন করে অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানানো হয়েছে। পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন