ফলতা থানার সামনে বিক্ষোভ ও হামলার ঘটনায় ক্রমশ চওড়া হচ্ছে তদন্তের পরিধি। জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়িয়ে আনার অভিযোগে এবার তাঁর স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা দায়ের করেছে পুলিশ। একই ঘটনায় আরও সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের ঘটনাটি তাৎক্ষণিক ছিল না, বরং সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। তদন্তে উঠে এসেছে, ঘটনার আগের দিন সোমবার রেজিনা বিবির নেতৃত্বে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই জাহাঙ্গির খানকে ছাড়িয়ে আনার পরিকল্পনা চূড়ান্ত করা হয় বলে অভিযোগ। সিদ্ধান্ত হয়েছিল, ফলতা থানা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট জায়গায় সমর্থকদের জড়ো করা হবে। এরপর সংগঠিতভাবে থানার দিকে মিছিল করে গিয়ে চাপ সৃষ্টি এবং হামলার মাধ্যমে জাহাঙ্গির খানকে মুক্ত করার চেষ্টা করা হবে।
ঘটনার পর থেকেই একাধিক অভিযানে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে গোটা ষড়যন্ত্রের নেপথ্যে কারা রয়েছে এবং পরিকল্পনায় আর কারা জড়িত ছিল, তার খোঁজ চলছে। তদন্তকারীদের মতে, জেরায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
এদিকে বুধবার ফলতার জনসভা থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে আইনের শাসনই শেষ কথা এবং কেউ আইন নিজের হাতে তুলে নিলে কোনও রকম রেয়াত করা হবে না। পুলিশ সুপারকে সরাসরি নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একজন মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ ও প্যারা মিলিটারি বাহিনীর উপর হামলার চেষ্টা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। পাশাপাশি হামলায় জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন