কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি। তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে আদালত। তবে একই মামলায় তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানির পর আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্ত চলাকালীন দু’জনকেই পূর্ণ সহযোগিতা করতে হবে।
মামলার সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ, ভোটের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামি বা আত্মীয়স্বজন ও পরিচিতদের নামে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এছাড়া তোলাবাজি, সিন্ডিকেট চালানো এবং জমি দখলের মতো অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত হয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী।
দলীয় কোন্দল আর সিআইডি-র তাড়া! হাইকোর্ট দিল জোর ধাক্কা!
মামলায় তাঁদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। পূর্ববর্তী শুনানিতে আদালত দু’জনকেই অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল এবং ১৯ জুন পর্যন্ত তাঁদের গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়েছিল। আজকের শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণ করেন, অদিতি মুন্সির চার মাসের শিশুসন্তান রয়েছে। সেই মানবিক দিক বিবেচনা করেই তাঁর আগাম জামিন মঞ্জুর করা হয়। তবে আদালত তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে এবং নিম্ন আদালতে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া বাগুইআটি থানা এলাকায় প্রবেশেও তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অন্যদিকে দেবরাজ চক্রবর্তীর আগাম জামিন আবেদন খারিজ করে আদালত জানিয়ে দিয়েছে, তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সি দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতিতে পরিচিত মুখ। রাজারহাট-গোপালপুরের রাজনৈতিক পরিমণ্ডলে তাঁদের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই আলোচনা রয়েছে। যুব তৃণমূল কর্মী হিসেবে দেবরাজ চক্রবর্তীর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে কংগ্রেস হয়ে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন তিনি। ২০২১ সালে রাজারহাট-গোপালপুর আসন থেকে বিধায়ক হন অদিতি মুন্সি।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন