কলকাতা: লিওনেল মেসির মেগা ইভেন্টে মাঠে ঢুকে সেলফি তোলার সেই হাইপ্রোফাইল বিতর্কে এবার এল এক বিস্ফোরক মোড়! অনুমতি ছাড়াই সংরক্ষিত এলাকায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এবার কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসের বিরুদ্ধে সরাসরি ১০ কোটি টাকার মানহানির মামলা ঠুকলেন ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্ত। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের স্ত্রী (যদিও বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে) জুঁইকে ইতিমধ্যেই কড়া আইনি নোটিস পাঠিয়েছেন শতদ্রু। নিয়ম ভেঙে হাই-সিকিউরিটি জোনে প্রবেশ এবং ইভেন্টের গরিমা নষ্ট করার দায়ে আগামী ১৫ দিনের মধ্যে এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মেটানোর পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। এই সময়সীমার মধ্যে জবাব না মিললে সরাসরি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শতদ্রু দত্তের পাঠানো আইনি নোটিসে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু অভিযোগ সামনে আনা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ওই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জুঁই বিশ্বাসকে কোনও পক্ষ থেকেই কোনও আমন্ত্রণ জানানো হয়নি। তা সত্ত্বেও সমস্ত নিরাপত্তা বেষ্টনী বুড়ো আঙুল দেখিয়ে সংরক্ষিত ভিআইপি জোনে ঢুকে মেসির সঙ্গে সেলফি তুলতে মেতে ওঠেন তিনি। এখানেই শেষ নয়, পরবর্তীতে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে জুঁই নিজেই দম্ভভরে দাবি করেছিলেন যে, তত্কালীন ক্রীড়ামন্ত্রীর প্রভাবেই কোনও অনুমতি ছাড়াই তিনি অনায়াসে সেখানে প্রবেশাধিকার পেয়েছিলেন। এই ঘটনার জেরে আন্তর্জাতিক স্তরে শতদ্রুর সংস্থার বিপুল সম্মানহানি হয়েছে এবং গোটা অনুষ্ঠানটি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, যুবভারতীতে মেসিকে কেন্দ্র করে তৈরি হওয়া সেই নজিরবিহীন বিশৃঙ্খলার জেরে আয়োজক শতদ্রু দত্তকে টানা ৩৮ দিন জেল হেফাজতে কাটাতে হয়েছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পর এবং বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই যুবভারতীর সেই কালো অধ্যায় নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন শতদ্রু। ইতিমিধ্যেই তিনি এবং জুঁই বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর থানায় এফআইআর দায়ের করেছেন। শুধু জুঁইয়ের ১০ কোটি টাকাই নয়, এর আগে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও ১০০ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শতদ্রু। সব মিলিয়ে, মেসির কলকাতায় আসার ঘটনাকে কেন্দ্র করে টলিউড ও রাজনৈতিক মহলের অন্দরে চলা এই সংঘাত এবার আইনি যুদ্ধের এক চরম রূপ নিল।
হিডেন স্টোরিজ নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন