কলকাতা: নির্বাচন পর্বে নিজের বিতর্কিত ‘ডিজে’ মন্তব্য নিয়ে এবার খোদ কলকাতা হাই কোর্টে চরম টানাপড়েনের মুখে পড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার বিস্ফোরক অভিযোগ তুলল খোদ রাজ্য সরকার।
কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলার দ্রুত শুনানি চেয়ে মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আইনজীবীরা। কিন্তু সেখানেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট জানিয়ে দেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না। কণ্ঠস্বর পরীক্ষার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তিনি হাজিরা দিচ্ছেন না বলে সিআইডির তরফে আদালতে অভিযোগ জানানো হয়েছে।
এক জায়গায় দুই রাজ্য! জানেন কি বাংলার এই 'শেষ বাসস্ট্যান্ড'-এর কথা!
রাজ্যের এই চাঞ্চল্যকর দাবির পরেই ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, আদালতের তরফ থেকে মামলাকারীকে আইনি রক্ষাকবচ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কেন তিনি তদন্তে সহযোগিতা করছেন না? তদন্তকারীদের স্বার্থে কেন তিনি কণ্ঠস্বরের নমুনা দিচ্ছেন না, সেই প্রশ্নও তোলে আদালত। এর জবাবে অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং অয়ন ভট্টাচার্য পাল্টা যুক্তি দিয়ে বলেন, যেখানে তাঁদের মক্কেল নিজেই স্বীকার করে নিয়েছেন যে ওই কণ্ঠস্বর তাঁরই, সেখানে নতুন করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কী প্রয়োজনীয়তা রয়েছে? নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে রাজ্যের তরফে সাফ জানানো হয়েছে, আইনি প্রক্রিয়ায় কণ্ঠস্বর হুবহু মিলিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই পুলিশ এই নমুনা সংগ্রহ করতে চাইছে।
পুরো বিতর্কের সূত্রপাত গত বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে। বিভিন্ন জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করেছিলেন, ভোটের ফল বেরোনোর পর ‘ডিজে’ বাজবে। তিনি জোর গলায় বলেছিলেন, “ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” এই মন্তব্যের পরেই উস্কানি ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রথমে বিধাননগর পুলিশ এবং পরে সিআইডি তদন্ত শুরু করে।
ঝাড়গ্রামে জনদরবার, দ্রুত সমাধানের আশ্বাস বিধায়ক লক্ষীকান্ত সাউয়ের
এই তদন্তের অংশ হিসেবেই নিম্ন আদালত অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দেয়, যাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান সাংসদ। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই মামলায় অভিষেকের আইনি রক্ষাকবচ থাকলেও, এ দিনের সওয়াল-জবাবের পর আগামী শুক্রবারই এই মামলার অতিরিক্ত তালিকা প্রকাশ করে শুনানির দিন ধার্য করেছে উচ্চ আদালত। ওই দিন অভিষেক শিবিরের জন্য কী অপেক্ষা করছে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন