কলকাতা: একই দিনে কলকাতা হাই কোর্টে তিন হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা। তবে আদালতের রায়ে কারও মুখে ফুটল চওড়া হাসি, তো কাউকে আবার ফিরে যেতে হলো খালি হাতে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু এবং কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ— এই তিন জনই জরুরি ভিত্তিতে নিজেদের মামলার দ্রুত শুনানির আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু মহুয়ার ‘ডিমকাণ্ডে’র মামলায় সাফ জানিয়ে দেওয়া হলো, তড়িঘড়ি শুনানির কোনও জায়গা নেই। অন্যদিকে, স্বস্তি মিলেছে সুজিত ও অতীনের।
গত ১ জুলাই নদিয়ার কালীগঞ্জে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভায় যোগ দিতে গিয়ে বেনজির হেনস্থার মুখে পড়তে হয়েছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম, পোড়া বেগুন ও ইট ছোড়ে, তোলা হয় ‘চোর-চোর’ স্লোগান। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং নিজের আইনি সুরক্ষার দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। মঙ্গলবার তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করলে বিচারপতি সৌগত ভট্টাচার্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, “এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে।” আদালত সাফ জানায়, মামলা দায়ের হলেও নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনেই এর শুনানি হবে, কোনও তাড়াহুড়ো করা যাবে না।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বেই রাজনৈতিক পারদ চড়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন মহুয়া মৈত্র। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়ে তিনি দাবি করেছিলেন, বিজেপি সদস্যরা তাঁকে ঘিরে ধরে জানলা দিয়ে হামলা চালালেও পুলিশ ঠায় দাঁড়িয়ে সব দেখছিল, কোনও পদক্ষেপ নেয়নি। দলীয় কার্যালয় থেকে বেরনোর সময় গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার পুরো ঘটনাটিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তোপ দেগেছিলেন তিনি। কিন্তু আদালতের এ দিনের পর্যবেক্ষণে তাঁর সেই দ্রুত আইনি সুরক্ষার আশায় আপাতত জল পড়ল।
বারুইপুর কাণ্ডে সরব নওশাদ সিদ্দিকি, দোষীদের কঠোর শাস্তির দাবি
মহুয়া মৈত্র ধাক্কা খেলেও, একই দিনে বড় স্বস্তি পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তাঁর জামিনের মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। আদালত সেই আবেদন মঞ্জুর করে মঙ্গলবার দুপুর দুটোতেই শুনানির সময় ধার্য করে। অন্যদিকে, পুরসভার জমি দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
তাঁর আইনজীবীও দ্রুত শুনানির আর্জি জানালে বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন যে, এই ধরনের হাই-প্রোফাইল মামলার চক্করে বহু সাধারণ মানুষের মামলার শুনানি আটকে থাকছে। তবে কড়া পর্যবেক্ষণের পাশাপাশি অতীন ঘোষের মামলাটি আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন