ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখদের ভূমিকা এবং তাঁদের সঙ্গে রাজনৈতিক দলের আর্থিক লেনদেন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের কাছে বিজেপির নির্বাচনী খরচের হিসেব প্রকাশ্যে এসেছে। আর সেখানেই উঠে এসেছে বাংলার দুই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের নাম। তাঁরা হলেন শমীক অধিকারী ও সায়ক চক্রবর্তী। আর এই টানাপোড়েনের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন ইউটিউবার কিরণ দত্ত, যিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত ‘বং গাই’ নামে।
সোশাল মিডিয়ায় কিরণ লেখেন, ‘কোনও রাজনৈতিক দলের টাকায় কোনওদিন ভিডিও বানাইনি, বানাবোও না।’ তাঁর স্পষ্ট কথা, ‘তোমরা আমাকে যেভাবে জায়গা দিয়েছো, তোমাদের সঙ্গে বেইমানি করব না।’ কিন্তু হঠাৎ করেই এমন মন্তব্যের কারণ কী? এর পিছনে রয়েছে শমীক অধিকারী এবং সায়ক চক্রবর্তীকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক। হিসেব অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় শমীক অধিকারীর নামে ১৩ লক্ষ টাকা এবং সায়ক চক্রবর্তীর নামে আড়াই লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে।
শমীক অধিকারী সোশ্যাল মিডিয়ায় পরিচিত ‘ননসেন’ নামে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ‘বাটন’ নামে একটি ভিডিও করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তা প্রায় ঝড় তুলে দেয়। ভিডিওটিতে তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং ভোটের মাধ্যমে সরকার বদলের বার্তা তুলে ধরা হয়েছিল। অন্যদিকে, সায়ক চক্রবর্তীও ভোটের আগে পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয় গোমাংস পরিবেশন ঘিরে একটি ভিডিওর মাধ্যমে আলোচনায় এসেছিলেন। সেই ঘটনাকে ঘিরেও সোশ্যাল মিডিয়ায় এবং রাজনৈতিক মহলে বিস্তর বিতর্ক হয়েছিল।
আর্থিক লেনদেনের হিসেব প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিচিত ইনফ্লুয়েন্সারদের রাজনৈতিক প্রচারে ব্যবহার করা হচ্ছে কি না। এমনকী তাঁদের তৈরি কনটেন্টের পিছনে অর্থের ভূমিকা কতটা। সেই বিতর্কের মাঝেই মুখ খুললেন বং গাই। বাংলার ইউটিউব জগতে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় কিরণ দত্ত। রাজনৈতিক বিষয় নিয়ে অনেক কনটেন্ট তৈরি করেছেন তিনি। তবে কোনও দলের হয়ে অর্থের বিনিময়ে ভিডিও না বানানোর কথাই এবার প্রকাশ্যে জানালেন তিনি।
বিষয় : Kiran Dutta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন