নয়াদিল্লি: শুভ জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশজুড়ে পালিত হচ্ছে তাঁর জন্মদিন। জীবনের সাতটি দশক পেরিয়েও রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও ক্রীড়াক্ষেত্রের প্রতি তাঁর ভালোবাসা সর্বজনবিদিত। তবে জন্মদিনের বিশেষ লগ্নে ফাঁস হল তাঁর জীবনের এক একেবারে নতুন ও অজানা গল্প। রাজনীতির আঙিনায় নামার অনেক আগে, শৈশবে নাকি দুর্দান্ত ক্রিকেট খেলতেন নরেন্দ্র মোদী! শুধু তাই নয়, স্কুলে পড়ার সময় তাঁর একটি নিজস্ব ক্রিকেট দলও ছিল।
প্রধানমন্ত্রীর জীবন নিয়ে তিনটি বই লিখেছেন প্রখ্যাত লেখক অরবিন্দ চতুর্বেদী। সম্প্রতি এক ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর শৈশব ও কৈশোরের নানা অজানা দিক তুলে ধরেছেন তিনি। চতুর্বেদী জানান, ছোটবেলায় অত্যন্ত চটপটে ও নিখুঁত ক্রিকেটার ছিলেন মোদী। তিনি বলেন, “স্কুলে পড়ার দিনগুলোতে মোদীর একটি নিজস্ব ক্রিকেট টিম ছিল। উনি দারুণ ক্রিকেট খেলতেন। তবে খেলার মাঠ থেকেও যে বড় বার্তাটি উনি তখন উপলব্ধি করেছিলেন, তা হলো খেলাধুলো সমাজের মানুষকে এক সুতোয় বাঁধার সবচেয়ে বড় মাধ্যম।” স্পোর্টসের পাশাপাশি সেই সময় দেব আনন্দ অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘গাইড’-এরও নাকি বড় ভক্ত ছিলেন আজকের প্রধানমন্ত্রী।
খেলার প্রতি এই প্যাশন আজও বিন্দুমাত্র কমেনি। ২০২৩ সালের আমেদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপের মেগা ফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিতি থেকে শুরু করে ভারতের হারের পর বিদ্ধস্ত রোহিত-বিরাটদের ড্রেসিংরুমে গিয়ে পিঠ চাপড়ে মনোবল বাড়িয়েছিলেন। বুুকে টেনে নিয়েছিলেন শামিকে।
ক্রীড়াবিদদের কাছে তিনি সবসময় অভিভাবকের মতো। শুধু পুরুষ দলই নয়, ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বজয়ী দল, ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল কিংবা অলিম্পিক ও কমনওয়েলথের পদকজয়ীদের নিজের বাসভবনে ডেকে সংবর্ধনা জানিয়েছেন তিনি। এমনকি সিকিম সফরে গিয়েও স্থানীয়দের সঙ্গে ফুটবল পায়ে মেতে উঠতে দেখা গিয়েছিল তাঁকে।
প্রধানমন্ত্রীর এই বিশেষ দিনে পিছিয়ে নেই ক্রীড়াজগৎ। সকাল থেকেই সোচ্চার শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন দেশের নামী তারকা ও ক্রীড়া সংস্থাগুলি। বিজেপির প্রাক্তন সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁর দীর্ঘ ও সুস্বাস্থ্য কামনা করি। এভাবেই দেশকে সাফল্যের নতুন শিখরে এগিয়ে নিয়ে যান।’
শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে কলকাতার শতবর্ষ প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান। এ ছাড়াও প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং, সুরেশ রায়নারাও ভারতের ক্রীড়াকাঠামোর মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন।
বিষয় : HiddenStoriesNews

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন