কলকাতা: ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে বাংলায় ডাক্তারি ও সরকারি চাকরি বাগানোর চাঞ্চল্যকর চক্রান্তের পর্দাফাঁস! বিহারের ভুয়ো মেডিক্যাল রেজিস্ট্রেশন নথি দেখিয়ে পশ্চিমবঙ্গে সরকারি চিকিৎসকের কাজ করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার দুই চিকিৎসকের চাকরি একযোগে বাতিল করল রাজ্য স্বাস্থ্য দফতর। অভিযুক্ত দুই চিকিৎসকের নাম শেখ উন্মেষ হাসান এবং উত্তম মাইতি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (সিএমওএইচ) দফতর থেকে ইতিমধ্যেই তাঁদের বরখাস্তের আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে। ভুয়ো নথিতে স্বাস্থ্য পরিষেবার মতো সংবেদনশীল ক্ষেত্রে চাকরি বাগিয়ে নেওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত বিহার কাউন্সিল অফ মেডিক্যাল রেজিস্ট্রেশনের একটি চিঠি থেকে। গত ১১ সেপ্টেম্বর বিহার কাউন্সিলের রেজিস্টার স্পষ্ট জানিয়ে দেন যে, উক্ত দুই চিকিৎসকের পেশ করা মেডিক্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পূর্ণ ভুয়ো ও জাল। সেই জাল নথির ওপর ভর করেই তাঁরা পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলেও রেজিস্ট্রেশন করিয়ে নেন এবং পরবর্তীতে দক্ষিণ ২৪ পরগনায় সরকারি চিকিৎসকের চাকরি জোগাড় করেন। বিহারে শংসাপত্র জাল প্রমাণিত হওয়ার পর স্বাভাবিকভাবেই এ রাজ্যে করা তাঁদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ অবৈধ হিসেবে ঘোষিত হয়।
জালিয়াতি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সহকারী রেজিস্টার ইতিমধ্যেই সল্টলেকের বিধাননগর দক্ষিণ থানায় ওই দুই ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার লিখিত আবেদন জানিয়েছেন। অন্যদিক,ে দক্ষিণ ২৪ পরগনার জেলা স্বাস্থ্য দফতর থেকে অভিযুক্তদের নিজস্ব রেজিস্ট্রেশন ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তাঁরা ভয়ে তা এড়িয়ে যান।
হাজিরা না দেওয়ায় প্রশাসনিক প্রক্রিয়া আরও দ্রুত গতি পায়। দক্ষিণ ২৪ পরগনা জেলাস্তরের নিয়োগ কমিটির চেয়ারম্যান তথা জেলাশাসকের কাছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দুই ডাক্তারের চাকরি বাতিলের সুপারিশ পাঠানো হয়। নথিপত্র খতিয়ে দেখে জেলাশাসক অনুমোদন দিলেই দ্রুততার সঙ্গে এই চরম সিদ্ধান্ত কার্যকর করা হয়। জালিয়াতি করে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে এই দুই চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক আইনি পদক্ষেপের পথ সম্পূর্ণ খোলা রাখা হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন