বয়স বাড়লেই কি শরীরচর্চার ধরন বদলে যায়? নরেন্দ্র মোদীর প্রকাশ্যে বলা জীবনযাপনের অভ্যাসের দিকে তাকালে কিন্তু দেখা যায় অন্য ছবি। বৃহস্পতিবার, ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী। সারাদিন একগুচ্ছ কর্মসূচি থাকলেও নিজের শরীরচর্চা ও জীবনযাপন নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন তিনি। যোগাভ্যাস, হাঁটাহাঁটি, শ্বাসের অনুশীলন থেকে উপবাস নানারকম রুটিন তাঁর কথায় উঠে এসেছে। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর প্রকাশ্যে বলা কয়েকটি অভ্যাস।
১. দিনের শুরু যোগে
সকালের রুটিনে যোগাসনের জায়গা বহু পুরনো। ২০১৮ সালে নিজের ফিটনেসের একটি ভিডিও প্রকাশ করেছিলেন মোদী। সেখানে যোগাসনের পাশাপাশি হাঁটা ও শ্বাসের ব্যায়াম করতে দেখা যায় তাঁকে। ২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসেও নিয়মিত যোগাভ্যাসের গুরুত্বের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী।
২. হাঁটাকেও দেন গুরুত্ব
শরীরচর্চা মানেই জিমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো, এমন ধারণায় আটকে নেই মোদীর প্রকাশ্য ফিটনেস রুটিন। হাঁটাহাঁটিও তাঁর শারীরিক সক্রিয়তার অংশ। বিভিন্ন সময়ে প্রকাশ্যে আসা তাঁর শরীরচর্চার ছবি ও ভিডিওতে হাঁটার অভ্যাসেরও উল্লেখ রয়েছে।
৩. শ্বাসের ব্যায়ামেও ভরসা
যোগের পাশাপাশি প্রাণায়াম বা শ্বাসের অনুশীলনও চর্চার মধ্যে রয়েছে। ২০১৮ সালের সেই ফিটনেস ভিডিওতেই প্রধানমন্ত্রীকে শ্বাসের ব্যায়াম করতে দেখা গিয়েছিল। পরবর্তী সময়েও যোগ ও প্রাণায়াম নিয়ে কথা বলেছেন তিনি। শরীরচর্চার সঙ্গে শ্বাসের অনুশীলনকে মিলিয়ে নেওয়াই তাঁর রুটিনের অন্যতম বৈশিষ্ট্য।
৪. খাবারে নেই বাহুল্য
নরেন্দ্র মোদীর খাদ্যাভ্যাস নিয়েও নানা সময়ে আলোচনা হয়েছে। ২০২৬ সালের ‘পরীক্ষা পে চর্চা’-য় খাবার নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, তাঁর কোনও নির্দিষ্ট ডায়েট সিস্টেম নেই। বিভিন্ন জায়গায় থাকার সময়ে সাধারণ নিরামিষ খাবার খাওয়ার খান বলেই জানিয়েছেন তিনি।
৫. উপবাসও দীর্ঘদিনের অভ্যাস
মোদীর জীবনযাপনের সঙ্গে উপবাসের সম্পর্কও দীর্ঘদিনের। লেক্স ফ্রিডম্যানের সঙ্গে কথোপকথনে তিনি জানিয়েছিলেন, বহু বছর ধরে নিয়মিত উপবাস করে আসছেন। তাঁর কাছে এটি শুধু খাদ্যাভ্যাসের বিষয় নয়, ব্যক্তিগত বিশ্বাস ও আত্মশৃঙ্খলার সঙ্গেও যুক্ত।
বিষয় : PM Narendra Modi Fitness

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন