করণ জোহরের প্রযোজনা সংস্থার ইতিহাসের নানা অধ্যায়কে বড়পর্দায় তুলে ধরার নজির রয়েছে। ‘কেশরী’, ‘রাজি’, ‘শেরশাহ’ থেকে ‘কেশরী চ্যাপ্টার ২’-এর মতো ছবি দর্শকদের উপহার হিসেবে দেওয়া হয়েছে। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ গল্প। ২১ সেপ্টেম্বর নতুন ছবির ঘোষণা করল ধর্মা প্রোডাকশনস। ছবির বিষয় এবার ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রতিষ্ঠাতা রামেশ্বর নাথ কাও, অর্থাৎ আর এন কাওয়ের জীবন।
প্রাথমিক পর্যায়ে রয়েছে কাজ। তবে এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি। ছবির গল্প তৈরি হচ্ছে সাংবাদিক নীতিন গোখলের লেখা ‘জেন্টলম্যান স্পাইমাস্টার’ বইকে ভিত্তি করে। ১৯৬৮ সালে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, সংক্ষেপে ‘র’ প্রতিষ্ঠা হয়। আর দেশের এই গুপ্তচর সংস্থার প্রথম প্রধান ছিলেন আর এন কাও। তাঁর কর্মজীবন, গোয়েন্দা জগতে তাঁর ভূমিকা এবং ‘র’-এর প্রতিষ্ঠার নেপথ্যের নানা অধ্যায়ই এবার বড়পর্দায় তুলে ধরা হবে। ২১ সেপ্টেম্বর ‘র’-এর প্রতিষ্ঠার ৫৮ বছর পূর্ণ হয়েছে। সেই বিশেষ দিনেই নতুন ছবির কথা প্রকাশ্যে আনল ধর্মা প্রোডাকশনস।
মুক্তির তারিখও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৮ সালের ১১ অগস্ট বড়পর্দায় আসবে আর এন কাওকে নিয়ে তৈরি এই বায়োপিক। আর এন কাওয়ের ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে, সেই বিষয়েও কিছু জানা যায়নি। এছাড়াও অন্য গুরত্বপূর্ণ চরিত্রেও কারা থাকবেন, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি। ২০২৬ সালেই ছবির কাজ এবং শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ২০২০ সালেও এই বায়োপিক তৈরির খবর প্রকাশ্যে এসেছিল। এবার আনুষ্ঠানিকভাবে ছবির মুক্তির দিনও ঘোষণা করল প্রযোজনা সংস্থা।
বিষয় : Entertainment Bollywood Karan Johar

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন