25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home Top-News Suvendu Adhikari: মমতাকে দেখালেন দিল্লির পথ, অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ! বারুইপুর থেকে কী বললেন শুভেন্দু? 
Top-Newsপশ্চিমবঙ্গ

Suvendu Adhikari: মমতাকে দেখালেন দিল্লির পথ, অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ! বারুইপুর থেকে কী বললেন শুভেন্দু? 

Share
শুভেন্দুর নিশানায় মমতা-অভিষেক। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: রাজনৈতিক আক্রমণ-পাল্টা আক্রমণে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার নিশানায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে জনসভা করেন শুভেন্দু। সেখান থেকেই মমতার বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। মমতাকে দিল্লি গিয়ে রাজনীতি করার পরামর্শ দেওয়ার পাশাপাশি অভিষেককে ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দুকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে আক্রমণ কালীঘাট তৃণমূলের।

বারুইপুরের সভামঞ্চ থেকেই আগামী পুরভোটে পদ্মের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু। দু’দিন আগে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “যদি ক্ষমতা থাকে লড়ুন। আবার হারাব।” দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’র সমাবেশের প্রসঙ্গ তুলে তাঁর কটাক্ষ, “আপনি রামলীলা ময়দানে যান, পশ্চিমবঙ্গে আর কিছু হবে না।” এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর বক্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাবেন কি না, তা তো শুভেন্দু অধিকারীর কথায় হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে বিশ্বাস করেন। তিনি লড়াই করছেন।’’ 

বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি, ইডি, সিবিআই থেকে শুরু করে কলকাতা ও রাজ্য পুলিশকে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একাধিক মামলাতেও তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ জানান, কোনও চাপের কাছে মাথা নত করবেন না। তাঁর আপ্তসহায়কের বিরুদ্ধে মিথ্যা মামলা করে প্রায় আড়াই মাস হেফাজতে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন অভিষেক।

শুক্রবার বারুইপুরের সভা থেকে অভিষেকের অভিযোগের জবাব দেন শুভেন্দু। তিনি বলেন, “এখন প্রশ্ন হচ্ছে, বড় চোরটা কবে জেলে যাবে?” চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “অভিষেক, তুমি ভোটে দাঁড়ালেই হারাব। তুমি যত ভোটে জিতেছ, তার থেকে এক ভোট বেশি হলেও হারাব।” পাল্টা সৌগত রায়ের অভিযোগ, ক্ষমতায় আসার পর তৃণমূলের বহু কর্মীকে জেলে পাঠানো হয়েছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *