কলকাতা: বড় পর্দায় এক দশকের মান-অভিমানের বরফ গলিয়ে সম্প্রতি প্রত্যাবর্তন ঘটেছে ‘দেশু’ জুটির। ‘দেশু ৭’ ছবির হাত ধরে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই কামব্যাক যেমন দর্শকমহলে ঝড় তুলেছিল। তেমনই সিনেমা পাড়ার অন্দরে ফের মাথাচাড়া দিয়েছিল তাঁদের অতীত সম্পর্কের চর্চা।
শুধু তা-ই নয়, পুরনো জুটির সেই অনস্ক্রিন রসায়ন নাকি প্রভাব ফেলেছিল শুভশ্রী এবং পরিচালক রাজ চক্রবর্তীর দাম্পত্যে? এমন গুঞ্জনেও উত্তাল হয়ে উঠেছিল টলিপাড়া। কিন্তু সমস্ত জল্পনা, কানাঘুষো ও বিচ্ছেদের রটনায় এক ঝটকায় জল ঢেলে দিলেন রাজ-শুভশ্রী স্বয়ং।
প্রথমে ‘দেশু ৭’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে রাজের হাত ধরে শুভশ্রীর লাল গালিচায় আগমন, আর এবার টলিউডের ‘লেডি সুপারস্টার’-এর জন্মদিনে পরিচালকের সেই বিশেষ উপহার! সম্পর্কের সমীকরণ নিয়ে চারপাশের সব ফিসফাস ভুল প্রমাণ করে স্ত্রীর জন্মদিনে ফের একবার নিজেদের ভালবাসার গভীরতা জাহির করলেন রাজ চক্রবর্তী।
আরও পড়ুন: বলিউডেই অভিষেক প্রসেনজিৎ-পুত্রের?
লাল গোলাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভালোবাসার জোয়ার
স্ত্রীর শুভ জন্মদিনে ইনস্টাগ্রামের পাতায় কয়েক সেকেন্ডের একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন রাজ। ভিডিওর ছত্রে ছত্রে ফুটে উঠেছে চক্রবর্তী দম্পতির সম্পর্কের মজবুত বন্ধন। দেব-শুভশ্রীর অতীত প্রেমের ছায়াকে দূরে সরিয়ে রাজ যেন নিঃশব্দেই জানিয়ে দিলেন, তাঁদের দাম্পত্যের ভিত্তি কতটা শক্ত।
শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রকাণ্ড এক তোড়া টকটকে লাল গোলাপে রাজের আদরে ভেসে যাচ্ছেন শুভশ্রী। তোড়া হাতে টলি-কুইনের সেই মনখোলা ও স্বতঃস্ফূর্ত হাসি নিজেই ক্যামেরাবন্দি করেছেন রাজ চক্রবর্তী।
ব্যাকগ্রাউন্ডে তখন মৃদু সুরে বাজছে অ্যাশ কিং-এর রোম্যান্টিক গান, আর তার মাঝেই ভেসে আসছে রাজের গলা ‘মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে!’ ভালোবাসায় গদগদ শুভশ্রীও রাজের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে ধন্যবাদ জানিয়েছেন।
ভিডিওটি পোস্ট করে রাজ ক্যাপশনে লিখেছেন, “আমার ভালবাসা, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।” উত্তরে অনুরাগী ও অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়ে শুভশ্রীও কমেন্ট বক্সে পালটা লিখেছেন, “আই লাভ ইউ!” অর্থাৎ, ‘আমি তোমাকে ভালোবাসি’।
ক্যাজুয়াল লুকেই মোহময়ী শুভশ্রী
জন্মদিনের বিশেষ দিনে ক্যাজুয়াল অথচ দারুণ স্টাইলিশ লুকেই নজর কেড়েছেন জন্মদিন-কন্যা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর পরনে ছিল একটি আধুনিক কলার দেওয়া চেকড প্রিন্টের ড্রেস। সঙ্গে মানানসই ডার্ক শেডের লিপস্টিক, কানে স্টাইলিশ দুল আর খোলা চুলে শুভশ্রীকে লাগছিল এককথায় ‘সুপারকুল’ ও গ্ল্যামারাস।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে ওঠে ইন্ডাস্ট্রি সতীর্থ, প্রিয়জন ও অগুনতি অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায়।
সিনেপাড়ায় গুঞ্জন আর গুঞ্জন রটানো নতুন কিছু নয়। কিন্তু শুভশ্রীর জন্মদিনে রাজের এই বিশেষ ভিডিও পোস্ট প্রমাণ করে দিল, সমস্ত রটনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের রাজকীয় ভালোবাসার রাজত্বে বেশ ভালই আছেন টলিপাড়ার ‘রাজশ্রী’।
Leave a comment