•
Home দেশ কংগ্রেসের সঙ্গে আলোচনার মাঝেই উত্তরপ্রদেশে প্রার্থী ঘোষণা অখিলেশের
দেশ

কংগ্রেসের সঙ্গে আলোচনার মাঝেই উত্তরপ্রদেশে প্রার্থী ঘোষণা অখিলেশের

Share
রাহুলকে না জানিয়েই প্রার্থী তালিকা!
Share

নয়াদিল্লি: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের দুই প্রধান শরিক সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতার আলোচনা চলাকালীনই নজিরবিহীন ফাটল প্রকাশ্যে এল। 

বুধবার দিল্লিতে আসন রফা বৈঠকের তৃতীয় দিনেই জোটসঙ্গী কংগ্রেসকে কার্যত অন্ধকারে রেখে একতরফা ভাবে পাঁচটি বিধানসভা আসনে নিজেদের প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করে দিল অখিলেশ যাদবের দল। 

সমাজবাদী পার্টি সূত্রের দাবি, উত্তরপ্রদেশ কংগ্রেসের একাংশের ‘মুখর’ নেতারা সংবাদমাধ্যমে লাগাতার উস্কানিমূলক মন্তব্য করে জোটের আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছিলেন; তাঁদের কড়া বার্তা দিতে এবং নিজেদের সাংগঠনিক প্রস্তুতি বুঝিয়ে দিতেই বাধ্য হয়ে এই পদক্ষেপ করেছে সপা। 

অন্য দিকে, সপার এই একতরফা ঘোষণায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে আলোচনার টেবিলে থাকা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। যদিও পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে জোটের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন : মেরে কেটে ২৬! উত্তরপ্রদেশ ভোটে কংগ্রেসকে প্রস্তাব সপার

দলীয় সূত্রে জানা গিয়েছে, ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেস ৬০টিরও বেশি আসন দাবি করলেও সপা এখনও পর্যন্ত মাত্র ২৬টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে। এরই মধ্যে সপা যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তার মধ্যে চারটিই পশ্চিম উত্তরপ্রদেশের এবং সেগুলি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে সপারই জেতা আসন। 

সাহারানপুরে আশু মালিক, কৈরানায় নাহিদ হাসান, বেহাটে উমর আলি খান এবং আমরোহায় মেহবুব আলি। সপা নেতা উদয় বীর সিংহের যুক্তি, “২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়েও আসন রফা চলাকালীন আমরা ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করেছিলাম এবং সেই কৌশল সফলও হয়েছিল। মূলত আমাদের জেতা আসনগুলিতেই প্রার্থী দেওয়া হয়েছে।” 

সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও সমাজমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে জানিয়েছেন, ‘পিডিএ’ (পিছড়া, দলিত, অল্পসংখ্যক) প্রার্থীদের ময়দানে নামানোই তাঁদের মূল কৌশল।

সপা সূত্রের অভিযোগ, অখিলেশ যাদব আলোচনার টেবিলে দলের সবচেয়ে প্রবীণ ও বাস্তববাদী নেতাদের পাঠালেও কংগ্রেস নেতৃত্ব গঠনমূলক আলোচকদের বেছে নেয়নি। উল্টে যে সব প্রদেশ নেতা প্রকাশ্যে জোটবিরোধী বা বিভ্রান্তিকর মন্তব্য করছিলেন, তাঁদের সংযত করার বদলে সরাসরি সমন্বয় কমিটিতে জায়গা দিয়েছে কংগ্রেস। পাশাপাশি, কোনও নির্দিষ্ট প্রার্থীর নাম না দিয়েই কংগ্রেস বিপুল সংখ্যক আসন দাবি করছিল বলেও সপা সূত্রের দাবি।

সপার এই ঘোষণার পর সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া জানান পশ্চিম উত্তরপ্রদেশের প্রভাবশালী কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। কারণ, সপা যে সাহারানপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেটি তাঁরই লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

ক্ষুব্ধ মাসুদ বলেন, “আমরা কারও কাছে ভিক্ষা চাইছি না। সমঝোতা হতে হবে পারস্পরিক গ্রহণযোগ্য ও সম্মানজনক। এক হাতে আলোচনা চালাবেন আর অন্য হাতে একতরফা প্রার্থী ঘোষণা করবেন. এতে প্রমাণ হয় আপনারা জোট নিয়ে আদৌ সিরিয়াস নন। আদৌ আলোচনার টেবিলে বসা উচিত কি না, তা নিয়ে আমি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলব।”

ইমরান মাসুদের এই বিস্ফোরক মন্তব্যের পরই ড্যামেজ কন্ট্রোলে নামে কংগ্রেস। সুর নরম করে কংগ্রেস সাংসদ উজ্জ্বল রমণ সিংহ বলেন, “সমাজবাদী পার্টি যদি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে থাকে, তবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে দুই দলের শীর্ষ নেতৃত্ব এবং নির্ধারিত আলোচকেরা যে ভাবে সক্রিয় কথাবার্তা চালাচ্ছেন, তাতে স্পষ্ট যে এই জোট অত্যন্ত ইতিবাচক বার্তা দিতে চলেছে।” 

তবে সপার এই আকস্মিক চালে দিল্লির আসন রফা বৈঠকে যে তীব্র অস্বস্তি ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি হল, তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরাও।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *