কলকাতাঃ জঙ্গি-যোগের অভিযোগে একের পর এক গ্রেফতারির মাঝেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিরাপত্তা খতিয়ে দেখল একাধিক নিরাপত্তা সংস্থা। ১৭ থেকে ২০ অগস্ট পর্যন্ত ভিক্টোরিয়ায় বিশেষ পরিদর্শন চালান এনএসজি, কলকাতা পুলিশের এসটিএফ, কমান্ডো ফোর্স এবং সিআইএসএফ-এর আধিকারিকরা।
বাংলা থেকে হামিম মণ্ডল নামে এক যুবককে জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পাক চর রানা রউফ-সহ আরও কয়েক জনের গ্রেফতারির পর তদন্তে বড়সড় নাশকতার ছকের কথাও উঠে এসেছে। এই পরিস্থিতিতে ভিক্টোরিয়ার মতো গুরুত্বপূর্ণ ও পর্যটকদের অন্যতম আকর্ষণীয় জায়গার নিরাপত্তা ব্যবস্থা আরও একবার খতিয়ে দেখার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিন দিন ধরে চলা পরিদর্শনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। পাশাপাশি ভবিষ্যতে কোনও ধরনের হামলা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হলে কী ভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েও পর্যালোচনা করা হয়েছে। এর অংশ হিসেবে ভিক্টোরিয়ার থ্রি-ডি মডেলিংও করা হয়েছে।
দেশ-বিদেশের বহু পর্যটক নিয়মিত ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসেন। ফলে এই ঐতিহ্যবাহী স্থাপনার নিরাপত্তা বরাবরই প্রশাসনের নজরে থাকে। ২০১৮ সাল থেকে ভিক্টোরিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। পাশাপাশি কলকাতা পুলিশের কর্মীরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন। গোটা চত্বরে আধুনিক সিসিটিভি ব্যবস্থাও রয়েছে।
বিষয় : Kolkata Victoria Memorial Security Alert

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন