জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে ফলতায় মঙ্গলবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন, নেতৃত্বে ছিলেন জাহাঙ্গির খানের স্ত্রী। অভিযোগ, বিক্ষোভের আড়ালে থানায় হামলা চালিয়ে লকআপ ভেঙে জাহাঙ্গির খানকে মুক্ত করার পরিকল্পনাও করা হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে।
ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিক্ষোভ ক্রমশ তীব্র আকার নিতেই লাঠি হাতে এগিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তাঁদের তৎপরতা দেখেই কার্যত ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীদের ভিড়। কয়েক সেকেন্ডের মধ্যেই ফাঁকা হয়ে যায় রাস্তা।
আরও একটি ভাইরাল ভিডিয়োয় ধরা পড়েছে নাটকীয় দৃশ্য। একটি পুকুরের দু'পাশ দিয়ে যাওয়া রাস্তা ধরে প্রাণপণে ছুটতে শুরু করেন বিক্ষোভকারীরা। কিন্তু ভিড়ের চাপে অনেকেই রাস্তায় জায়গা না পেয়ে সরাসরি পুকুরে ঝাঁপ দেন। কোনওমতে সাঁতরে পুকুর পার হয়ে অপর প্রান্তে উঠে আবার দৌড় শুরু করেন তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে হঠাৎ করেই এলাকায় জমায়েত হয়েছিল বহু মানুষ। তবে কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছতেই পরিস্থিতির মোড় ঘুরে যায়। বাহিনীর তৎপরতায় মুহূর্তের মধ্যেই বিক্ষোভকারীদের জমায়েত ভেঙে পড়ে। ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োগুলিতে বিক্ষোভকারীদের পালানোর দৃশ্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন