রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ‘মেসি-কাণ্ড’ ঘিরে একাধিক মামলায় আইনি চাপে রয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এখনও পুলিশের সামনে হাজির হননি বলে অভিযোগ। বর্তমানে তিনি কোথায় রয়েছেন, তা নিয়েও জল্পনা তুঙ্গে।
এরই মধ্যে ফুটবল বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে গোলের রেকর্ড স্পর্শ করেছেন লিওনেল মেসি। সেই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুর শোনা গেল মেসির ভারত সফরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তের পোস্টে। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “আপনার পাড়ার পল্টুদা হ্যাটট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন।” পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় হাসি-ঠাট্টা এবং নানা প্রতিক্রিয়া।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতায় তাঁর উপস্থিতি ঘিরে ছিল তুমুল উন্মাদনা। বিপুল অর্থ খরচ করে হাজার হাজার ফুটবলপ্রেমী টিকিট কাটলেও অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন মেসি। ক্ষুব্ধ দর্শকদের বিক্ষোভ ও ভাঙচুরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই ঘটনার পরই গ্রেপ্তার করা হয়েছিল সফরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তকে। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সরাসরি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং আয়োজকদের অনুমতি ছাড়াই মেসির ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ঘটনার দিন মেসির সঙ্গে অরূপ বিশ্বাস ও তাঁর পরিবারের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।
ঘটনাটি পরে আইনি মোড় নেয়। আদালতে মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন শতদ্রু। অন্যদিকে পালাবদলের পর থেকে মেসি সফর সংক্রান্ত মামলায় ক্রমেই চাপে পড়েছেন অরূপ বিশ্বাস। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এখনও পুলিশের সামনে হাজির হননি বলে অভিযোগ। বর্তমানে তিনি কোথায় রয়েছেন, তা নিয়েও জল্পনা তুঙ্গে।
বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। এক ম্যাচে হ্যাটট্রিক করে তিনি ছুঁয়ে ফেললেন মিরোস্লাভ ক্লোজের সর্বাধিক ১৬ গোলের বিশ্বকাপ রেকর্ড। একইসঙ্গে কিলিয়ান এমবাপে, গার্ড মুলার এবং রোনাল্ডো নাজারিওকে পিছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতার আসনে নিজের অবস্থান আরও মজবুত করলেন আর্জেন্টাইন মহাতারকা।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন