মেসি-কাণ্ডে নতুন মোড়। লিওনেল মেসির নিজস্ব টিমের তরফে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সেই চিঠিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। একইসঙ্গে জানানো হয়েছে, অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে এই ঘটনার জন্য দায়ী করা যায় না।
সূত্রের দাবি, চিঠিতে উল্লেখ করা হয়েছে যে অনুষ্ঠানের দিন মেসিকে বারবার ছোঁয়ার চেষ্টা করা হয়েছিল এবং মাঠে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমন পরিস্থিতির জেরেই মেসি মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হন বলে অভিযোগ। যদিও এই চিঠির বিষয়বস্তু নিয়ে এখনও সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি পুলিশ। এদিকে, এই মামলায় ক্রমেই চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপর। তদন্তের স্বার্থে বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে তাঁকে তিনবার হাজিরার নোটিশ পাঠানো হলেও তিনি কোনওবারই থানায় হাজির হননি। তদন্তকারী সূত্রের দাবি, তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তিনি নিজের বাড়ি বা এলাকায়ও নেই।
তবে আপাতত আদালতের দেওয়া রক্ষাকবচ রয়েছে অরূপ বিশ্বাসের। আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে আদালত জানিয়েছে। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে এবং আইন মেনে পুলিশি নোটিসের জবাব দিতে হবে। এই পরিস্থিতিতে শতদ্রু দত্ত জানিয়েছেন, "মেসির টিম বিধাননগর কমিশনারকে চিঠি পাঠিয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, অরূপ বিশ্বাসের কারণেই মেসি মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। পালানোর কোনও পথ নেই। আইনি লড়াই আমি শেষ পর্যন্ত চালিয়ে যাব।"

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন